বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনার চরাঞ্চলে এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে, কিন্তু দাম না থাকায় হতাশ চাষিরা। স্থানীয় হাটে প্রতি মণ কাঁচা মরিচ বিকোচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়, যাতে উৎপাদন খরচ ওঠা নিয়েই শঙ্কায় তাঁরা।
চলতি মৌসুমে উপজেলায় ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। স্থানীয় জাতের ঝাল বগুড়া মরিচের পাশাপাশি এবার বিজলী প্লাস, নবীন ও ১৭০১ জাতের হাইব্রিড মরিচও চাষ হয়েছে; হাইব্রিডের ফলন বেশি, তবে স্থানীয় জাতের ঝাল বেশি। জেলার পূর্বাঞ্চলের বাঙালি ও যমুনার চর এখন মরিচখেতে সবুজ, আগাম মরিচ তোলার পাশাপাশি রবি মৌসুমের গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা।
তেকানী ও পাকুল্লা হাটে দেখা গেছে, সরবরাহের তুলনায় পাইকার কম। অথচ মরিচ তোলা ও পরিবহনের খরচ বেড়েছে। দাম কম হলেও মরিচ তুলতেই হচ্ছে, কারণ গাছ থেকে না তুললে নতুন ফুল নষ্ট হয়ে পরের ফলন কমে যেতে পারে।
৬৫ বছরের মরিচচাষি মাহফুজা বেগম মজুরি বাঁচাতে নিজেই মরিচ তুলছেন। গত মৌসুমে ভালো দাম পেয়ে এবার ধারদেনা করে চাষ করেছিলেন; এই দাম থাকলে লোকসান গুনতে হবে বলে জানান তিনি। পূর্ব তেকানী গ্রামের শাহিন প্রায় চার বিঘায় মরিচ করেছেন। সার ও বীজের খরচ ধরলে মণপ্রতি ১,৫০০ থেকে ২,০০০ টাকা না পেলে বড় লোকসান হবে বলে তাঁর হিসাব।
সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এবার ফলন ভালো হয়েছে। ভালো দামের আশায় কৃষকেরা আগাম মরিচ চাষ করেন, এবার দাম কম থাকায় তাঁরা হতাশ; তবে বাজারের এই অবস্থা দীর্ঘস্থায়ী না-ও হতে পারে।
ছবি: Mamun Srizon / উইকিমিডিয়া কমন্স (CC0)
সূত্র: কৃষি সময়




মন্তব্য
(০)