দেশে ডায়াবেটিসের ঝুঁকি দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। তাঁদের হিসাবে শুধু ঢাকা শহরে ডায়াবেটিসের হার প্রায় ১২ শতাংশ, এর বাইরে আরও প্রায় ১০ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিসে, অর্থাৎ রোগের আগের ধাপে আছেন। সত্তরের দশকে দেশে এই হার ছিল প্রায় ২ শতাংশ। গ্রামাঞ্চলেও এখন সামগ্রিক হার ৫ থেকে ৮ শতাংশ।
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মুক্ত আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশ (এসেডবি) ও ডিআরইউ, রেনাটা পিএলসির সহযোগিতায়। সকাল ৮টায় শুরু হওয়া ক্যাম্পে ডিআরইউর সদস্য ও তাঁদের পরিবারসহ দুই শতাধিক মানুষ বিনা মূল্যে পরীক্ষা ও পরামর্শ নেন।
আলোচনায় বক্তারা বলেন, বিশ্বে এখন প্রায় ৫০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিসের হার উন্নত বিশ্বের তুলনায় বেশি।
ঝুঁকি বাড়ার পেছনে জীবনযাপনের পরিবর্তনকে দায়ী করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে অতিরিক্ত ওজন ও মেদ-ভুঁড়ি বাড়ছে, শারীরিক পরিশ্রম ও ব্যায়ামে অনীহাও দেখা যাচ্ছে। রোগটির বিস্তার এভাবে চলতে থাকলে চিকিৎসাব্যয় বৃদ্ধি ও কর্মক্ষমতা কমে যাওয়ায় দেশের অর্থনীতিও বড় চাপে পড়বে বলে সতর্ক করেন তাঁরা।
প্রতিরোধের পথ হিসেবে বক্তারা জনসচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার ওপর জোর দেন। তাঁদের মতে, এ ধরনের বিনা মূল্যের পরীক্ষা সচেতনতা তৈরির পাশাপাশি শুরুতেই রোগ ধরতে সাহায্য করে, আর নিয়মিত সংবাদ ও প্রচারের মাধ্যমে ঝুঁকি, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে মানুষকে জানাতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসেডবির সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
ছবি: Biswarup Ganguly / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: সমকাল





মন্তব্য
(০)