যুক্তরাষ্ট্রে এ বছর ভুট্টার রোগ আগের কয়েক মৌসুমের মতো ব্যাপক আকারে নয়, এসেছে স্থানীয় প্রাদুর্ভাব হিসেবে, আর কোথায় কী রোগ হবে তা ঠিক করে দিয়েছে আবহাওয়া। বীজ কোম্পানি পাইওনিয়ারের বিশেষজ্ঞদের বরাতে এ কথা জানিয়েছে ফার্মস ডট কম।
পাইওনিয়ারের গবেষণা বিজ্ঞানী ও রোগতত্ত্ব বিশেষজ্ঞ লেটন পেডিকর্ড বলেন, গত বছর এত রোগ হয়েছিল যে চাষিদের দুবার, কোথাও কোথাও তিনবার পর্যন্ত ছত্রাকনাশক দেওয়ার কথা ভাবতে হয়েছিল। এ বছরকে তিনি বলছেন দুই রকম গল্পের মৌসুম: পূর্বে পাতা ভেজা থাকার সময় ছিল গড়ের বেশি, পশ্চিমে যত যাওয়া যায় তত মাঝারি থেকে তীব্র শুষ্কতা।
পূর্ব কর্ন বেল্টে মৌসুমের বেশির ভাগ সময় নিয়মিত বৃষ্টিতে আগেভাগেই দেখা দেয় গ্রে লিফ স্পট ও নর্দার্ন কর্ন লিফ ব্লাইট। পরে আসে টার স্পট ও সাউদার্ন রাস্ট, যদিও দুটিই ২০২৫ সালের চেয়ে কম তীব্র ছিল। কৃষিবিদেরা কয়েকটি অঙ্গরাজ্যের খেতে প্রত্যাশার চেয়ে বেশি ব্যাকটেরিয়াল লিফ স্ট্রিকও পেয়েছেন। আগস্ট ও সেপ্টেম্বরের ভারী বৃষ্টিতে খেত ডুবে ফসল তোলা পিছিয়েছে; আক্রান্ত ভুট্টা তোলার সময় মোচা পচা, ছত্রাক ও মান নষ্ট ঠেকাতে দানা ১৪ শতাংশ বা তার কম আর্দ্রতায় শুকানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিম কর্ন বেল্টের ছবি ছিল ভিন্ন। মৌসুমের শুরুতে শুষ্কতায় ব্যাপক খরার চাপ পড়ে, ক্রাউন রট ছড়ায় আগের বছরগুলোর চেয়ে আরও পশ্চিমে, আর গড়ের বেশি তাপমাত্রা আর্দ্রতার ঘাটতি বাড়িয়ে দেয়। শেষ দিকের বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও বাড়ন্ত পর্যায়ের দীর্ঘ চাপে হাই প্লেইনসের কিছু এলাকায় ফলন কমতে পারে।
দক্ষিণে শুকনো বসন্তের পর এপ্রিলের শেষ ও মে মাসে প্রচুর বৃষ্টি হয়। নর্দার্ন লিফ ব্লাইট ও সাউদার্ন রাস্ট তুলনামূলক সীমিত ছিল, তবে মৌসুমের শেষে ভেজা আবহাওয়ায় সাউদার্ন লিফ ব্লাইট বাড়ে, কিছু এলাকায় দেখা দেয় ডিপ্লোডিয়া কাণ্ড ও মোচা পচা রোগ। পাইওনিয়ারের মাঠ কৃষিবিদ কেভিন ফিলিপস বলেন, অনেকে পাতায় ছত্রাকনাশক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন; কিন্তু জাতের প্রতিরোধক্ষমতা ভালো হলেও পরিবেশ আর রোগজীবাণু থাকলে রোগ হবেই।
বিশেষজ্ঞদের পরামর্শ, ২০২৭ মৌসুমের হাইব্রিড বাছাই, খেত পর্যবেক্ষণ ও ছত্রাকনাশকের পরিকল্পনায় এ বছরের মাঠের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
ছবি: Chroanch / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)