কর্মপরিবেশে প্রযুক্তি ও নতুন গবেষণার সমন্বয় জরুরি এবং গবেষণার ধারা সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। রোববার (১৩ সেপ্টেম্বর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে ‘জলবায়ু সহনশীলতার জন্য কৃষি ও কৃষিব্যবসা শিক্ষার ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যের সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক প্রকল্প ‘অ্যালাইনিং’-এর সমাপনী কর্মশালা হয়; জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষিশিক্ষার আধুনিকায়ন এবং জলবায়ু-সহনশীল কৃষি ও কৃষিব্যবসা খাত গড়াই প্রকল্পের লক্ষ্য। অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের।
প্রকল্প সমন্বয়ক ও কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এশিয়ায় কৃষি উদ্ভাবন এগিয়ে নিতে বাংলাদেশ ও কম্বোডিয়ার পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উদ্ভাবনী ক্লাস্টার গড়া হবে; গ্রিন ডিল, ডিজিটাল রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধি-কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল অবকাঠামো, শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং অনলাইন ও ব্লেন্ডেড কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে। উপাচার্যের মতে, পারস্পরিক প্রশিক্ষণ ও সফরে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
এগ্রি বার্তার প্রতিবেদন অবলম্বনে। সূত্র: এগ্রি বার্তা





মন্তব্য
(০)