দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। শনিবার দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সার থাকার কথা ডিলারের কাছে, কিন্তু তা পাওয়া যাচ্ছে ডিলার নন এমন লোকদের কাছে। এই ‘দুষ্ট লোকদের’ কারণে সমাজ, কৃষক ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারির জন্য বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে এবং খুব দ্রুত এই চক্র ব্যর্থ হবে। দেশের বিভিন্ন জেলায় সার নিয়ে অভিযোগ ওঠার মধ্যেই তাঁর এই বক্তব্য এল।
আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরের কথা রয়েছে। সেই সফরের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখতেই মন্ত্রী বিদ্যালয় মাঠে এসেছিলেন।
কৃষকদের জন্য সরকারের পরিকল্পনা তুলে ধরে আমিন উর রশীদ বলেন, সারা দেশে দুই কোটি কৃষক কৃষি কার্ডের আওতায় আসবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সব কৃষক কার্ড বুঝে পাবেন। প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির কৃষকই এর আওতায় থাকবেন।
তিনি আরও জানান, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। তাঁর ভাষায়, কৃষক অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)