জলবায়ু পরিবর্তন মোকাবিলার নীতিনির্ধারণে তরুণদের অর্থবহ অংশগ্রহণ চেয়ে প্রণীত জাতীয় তরুণ জলবায়ু সনদ সরকারের কাছে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলা একাডেমিতে দুই দিনের তরুণদের জাতীয় জলবায়ু সম্মেলন বাংলাদেশ ২০২৬-এর সমাপনীতে সারা দেশের প্রায় ৩০০ তরুণের অংশগ্রহণে তৈরি সনদটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে বাংলাভিশন।
সনদে জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, সবুজ কর্মসংস্থান এবং নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণসহ বিভিন্ন দাবি ও সুপারিশ রয়েছে। আয়োজকেরা জানান, আসন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের তরুণদের অগ্রাধিকার তুলে ধরার ভিত্তি হবে এই অবস্থানপত্র।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, সারা দেশের তরুণদের তৈরি অবস্থানপত্রটি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং তরুণদের জলবায়ু অগ্রাধিকার যথাযথ জায়গায় তুলে ধরার চেষ্টা করা হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি তরুণদের পরিবেশ ও জলবায়ু বিষয়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, উন্নত বিশ্বকে যুদ্ধে অর্থায়ন বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাতও উপস্থিত ছিলেন।
ব্রাইটার্স ফাউন্ডেশনসহ ৩০টি যুব সংগঠন ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর সম্মেলনটি আয়োজন করে, সহযোগিতায় ছিল অ্যাকশনএইড, কেয়ার বাংলাদেশ, ইউনিসেফ বাংলাদেশ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। দেশের বিভিন্ন জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণেরা এতে অংশ নেন।
সূত্র: বাংলাভিশন




মন্তব্য
(০)