যুক্তরাজ্যের খামার ও খাদ্য মান সনদ সংস্থা রেড ট্র্যাক্টর (Red Tractor) গরু-ভেড়া ও দুগ্ধখামারের মানদণ্ড বদলের প্রস্তাবে ছয় সপ্তাহের পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে, চলবে ২২ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। কৃষক, পশুচিকিৎসক, প্রক্রিয়াজাতকারী ও খুচরা বিক্রেতাদের নিয়ে গঠিত কারিগরি কমিটির পর্যালোচনার পর এ প্রস্তাব এসেছে।
দুই মানদণ্ডেই খুঁটিনাটি নির্দেশনামূলক শর্ত কমিয়ে খামারভিত্তিক পশুস্বাস্থ্য পরিকল্পনা আনার প্রস্তাব, যাতে প্রতিবছর খামারের স্বাস্থ্য অগ্রাধিকার পর্যালোচনা করে কর্মপরিকল্পনা ঠিক হবে। রেড ট্র্যাক্টর বলছে, শর্ত একত্র ও অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে গরু-ভেড়ায় প্রায় এক-তৃতীয়াংশ এবং দুগ্ধে প্রায় এক-চতুর্থাংশ শর্ত কমবে; দুই মান মিলিয়ে দেওয়ায় দুটিতেই নিবন্ধিত খামারের দ্বৈত কাজও কমবে।
গরু-ভেড়ার জন্য চরম আবহাওয়া, খাদ্য নিরাপত্তা, রোগ পরিকল্পনা, পুষ্টি ব্যবস্থাপনা ও আবাসন নিয়ে অল্প কিছু নতুন শর্ত প্রস্তাব করা হয়েছে; দুগ্ধে যুক্ত হবে পশুর যত্ন ও ব্যবস্থাপনার আচরণবিধি এবং গাভীর আরাম, পরিবেশ সমৃদ্ধকরণ ও খুর কাটার দক্ষতা নিয়ে সুপারিশ।
গরু-ভেড়া খাত বোর্ডের চেয়ারম্যান জন ড্রাকাপ বলেন, কোনো দুটি খামার এক নয়, তাই নানা ধরনের খামারের মতামত জরুরি। দুগ্ধ খাত বোর্ডের চেয়ারম্যান টিম লক বলেন, বেশির ভাগ ক্ষেত্রে কৃষকের কাছে প্রত্যাশা একই থাকছে, তবে নিয়ম মানার প্রমাণ দেওয়া সহজ হবে। মূল্যায়ন পদ্ধতি আলাদাভাবে পর্যালোচনা হচ্ছে।
ছবি: Martin Dawes / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: The Scottish Farmer





মন্তব্য
(০)