বাগানের ভেতর দিয়ে ট্রাক্টর চলার সময়ই গাছ স্ক্যান করে এমন একটি ক্যামেরা ফল ও ঝোপজাতীয় ফসলের চাষিদের জন্য বাজারে এনেছে ২০২১ সালে প্রতিষ্ঠিত গ্রিসের প্রতিষ্ঠান এডেনকোর টেকনোলজিস (EdenCore Technologies)। ফিউচার ফার্মিং জানিয়েছে, যন্ত্রটির নাম ভিউয়ার।
একটি খোলে দুটি আরজিবি ক্যামেরা বসানো, যা ট্রাক্টরের সামনে, বনেট বা ছাদে, কিংবা স্প্রেয়ারে লাগানো যায়। ক্যামেরা দুটি দুই পাশে মুখ করে একসঙ্গে দুই সারি স্ক্যান করে; প্রতি পাশে পাঁচটি জ্বলে-নেভা এলইডি বাতি আলো দেয়। নির্মাতার দাবি, ক্যামেরা ৪ এমনকি ৫ মিটার উঁচু গাছও ধরতে পারে এবং নিজস্ব অ্যালগরিদমে গাছের ত্রিমাত্রিক গভীরতার ছবি তৈরি করে।
এসব ছবি থেকে আপেল, অ্যাভোকাডো, ব্লুবেরি, চেরি, মদ ও খাওয়ার আঙুর, আম, নেকটারিন, নাশপাতি ও পিচের কুঁড়ি, ফুল ও ফল গোনা হয়। প্রতিষ্ঠানটি বলছে, এই হিসাব দিয়ে ফসল তোলার দুই থেকে তিন মাস আগে ফলনের পূর্বাভাস দেওয়া যায়। গাছের ডালপালার আয়তন, রোগবালাই ও সতেজতা মাপা হয়, মরা গাছও চিহ্নিত হয়।
আইসোবাস মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ক্যামেরাটি স্প্রেয়ারের সঙ্গে যুক্ত করা যায়: যেখানে গাছ নেই, যেমন সারির মাথায়, সেখানে নজল আপনা থেকে বন্ধ হয়; আর স্প্রেয়ার পরিবর্তনশীল মাত্রায় ওষুধ দিতে পারলে গাছ বুঝে তাৎক্ষণিকভাবে মাত্রা বদলায়।
এডেনকোরের তথ্য অনুযায়ী, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়ায় এ পর্যন্ত ৬,০০০ হেক্টরের বেশি বাগান স্ক্যান হয়েছে, আর ১৫টি দেশে ৮০টি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। ইউরোপে অঞ্চল, সরঞ্জাম ও বিক্রেতাভেদে দাম এখন প্রায় ১৫ থেকে ২০ হাজার ইউরো; বছরে ৬ থেকে ১০ হাজার ইউরোয় ভাড়াও নেওয়া যায়।
ছবি: inkknife_2000 (rows of an apple orchard) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: Future Farming





মন্তব্য
(০)