গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতের আগেই অতিথি পাখি আসতে শুরু করেছে। দিনভর নদী, খাল ও বিলে খাবার খুঁজে সন্ধ্যায় তারা ফিরে আসে পৌর শহর ও আশপাশের গাছে।
পৌর শহরের কলেজ মোড়ের একটি বিশাল রেইনট্রি এখন শত শত পাখির আশ্রয়। গলায় কালো ডোরা ও সাদা রঙের এই পাখিগুলো গাছের মগডালে সারি সারি বাসা বেঁধেছে। উপজেলার বিভিন্ন এলাকার বাঁশঝাড় ও গাছপালায়ও অস্থায়ী আবাস গড়েছে হাজারো পাখি।
স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের পরিচালক মো. আশরাফুল ইসলাম জানান, গত বছর থেকে এখানে পাখির অভয়ারণ্য গড়ে উঠেছে। প্রতিদিন সকালে দলবেঁধে পাখিরা উপজেলা পরিষদের পেছনের খাল ও তিস্তা নদীর দিকে যায়, বিকেলে ফেরে। এলাকার ব্যবসায়ীরা পাখিগুলো পাহারা দিচ্ছেন।
পাখি দেখতে আসা এস এম মাদিহুর রহমান বলেন, অতিথি পাখি রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। মো. আব্দুল হাকিমের আক্ষেপ, গাছপালা কমে যাওয়ায় গ্রামের মাঠে আগের মতো পাখি আর দেখা যায় না, তাই অনেক দিন পর শহরের মাঝে এমন দৃশ্য দেখে তিনি আনন্দিত।
সূত্র: কৃষি সময়




মন্তব্য
(০)