দক্ষিণ আফ্রিকার ফল কোম্পানি Tru-Cape (ট্রু-কেপ) জানিয়েছে, ফুল আসার সময় প্রতিকূল আবহাওয়ার কারণে এ মৌসুমে তাদের চেরি উৎপাদন গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমতে পারে। তবে যে ফল ধরেছে, তার মান এ যাবৎকালের সেরা। ফুড ফর মজানসি ৩১ অক্টোবর এ খবর দিয়েছে।
ট্রু-কেপ ফ্রুটের ক্রয় পরিচালক Calla du Toit (কালা ডু টয়েট) বলেন, আগাম জাতের অনেক চেরিগাছে ফুল এসেছিল আগস্টের শেষ সপ্তাহে, যখন অস্বাভাবিক গরম পড়েছিল। তাঁর ভাষায়, "আমাদের ধারণা, গরমে কার্যকর পরাগায়নের সময় কমে যায়, ফলে ফল কম ধরেছে।" গরমের পর ঠান্ডা আবহাওয়াও আসে, যা কিছু ফলের ক্ষতি করে থাকতে পারে। এবার ফসল তোলাও শুরু হয়েছে আগের বছরগুলোর চেয়ে আগে।
তবে মান নিয়ে কোম্পানি খুশি। ডু টয়েট বলেন, "চেরিগুলো দেখতে চমৎকার, আর এই প্রথম আমরা ৩০ মিলিমিটার পর্যন্ত আকারের ফল পাচ্ছি।" ফলে চিনির পরিমাণও অনেক বেশি। তিনি জানান, ফসল কম হওয়ায় প্রতিটি চেরি ঠিক পরিপক্ব অবস্থায় তোলা যাচ্ছে, তার জন্য যথেষ্ট শ্রমিকও আছেন।
কোম্পানির সবচেয়ে বড় প্যাকিং কেন্দ্রগুলোর একটি উইটজেনবার্গ প্রপার্টিজে ফল প্রক্রিয়াজাত হচ্ছে। ট্রু-কেপ ফুড লাভার্স মার্কেট, ফ্রেশমার্ক ও পিক এন পে-র মতো বড় খুচরা বিক্রেতাদের চেরি সরবরাহ করে। উৎপাদন কম হলেও উৎসবের মৌসুমে দোকানে চেরি থাকবে বলে আশা করছে তারা।
বিক্রয় পরিচালক Johan Brink (ইয়োহান ব্রিংক) জানান, গত বছর তারা মোট চেরির প্রায় ১৫ শতাংশ রপ্তানি করেছিল, এবার তা ২০ শতাংশে নেওয়ার আশা ছিল। কিন্তু ফসল কম এবং দেশের বাজারে দাম ভালো থাকায় রপ্তানির সিদ্ধান্ত ঝুঁকি ও খরচ হিসাব করে সাবধানে নিতে হবে।
ছবি: Ermell / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: ফুড ফর মজানসি




মন্তব্য
(০)