দক্ষিণ আফ্রিকার গ্রামীণ উন্নয়ন ও ভূমি সংস্কার দপ্তর (ডিআরডিএলআর) ল্যান্ড ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে। এর আওতায় ব্যাংকের মিশ্র অর্থায়ন (ব্লেন্ডেড ফাইন্যান্স) প্রকল্পে ৫০ কোটি র্যান্ড অনুদান দেওয়া হবে। আবেদনের চাপ বরাদ্দের চেয়ে অনেক বেশি হওয়ায় প্রকল্পটি নতুন আবেদন নেওয়া বন্ধ রেখেছিল।
এই অনুদান ২০২৬/২৭ অর্থবছরের বাকি সময়ের জন্য, যা ল্যান্ড ব্যাংকের ঋণের সঙ্গে মিলিয়ে কৃষকদের দেওয়া হবে। একই সপ্তাহের শুরুতে কৃষি বিভাগ বছরের জন্য আগে বরাদ্দ ৩২ কোটি ৫০ লাখ র্যান্ডের ওপর আরও ১৫ কোটি র্যান্ড দিয়েছিল।
ল্যান্ড ব্যাংক জানায়, ২০২৫/২৬ অর্থবছরের শেষে প্রায় ৫৪০ জন গ্রাহক ও উপকারভোগী এই প্রকল্প থেকে সহায়তা পেয়েছেন, তবে চাহিদা অনুদানের অর্থকে অনেক ছাড়িয়ে গেছে।
ভূমি সংস্কার ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী এমজওয়ানেলে নিয়োন্তসো বলেন, শুধু জমি হস্তান্তর করে ভূমি সংস্কার সফল হয় না। জমি পাওয়া কৃষকের সেই জমিতে উৎপাদনের সামর্থ্যও থাকতে হবে, আর অনেক নতুন কৃষকের জন্য ঋণের খরচই লাভজনক খামারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রকল্প থেমে যাওয়ায় ক্ষতির কথাও বলেছেন কৃষকেরা। উবুন্টু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের প্রতিষ্ঠাতা লয়িসো মাঙ্গা জানান, তাঁর আবেদন প্রায় এক বছর ধরে প্রক্রিয়ায় ছিল এবং ২০২৬ সালের ২৩ জুলাই চূড়ান্ত শর্তপত্রও দেওয়া হয়েছিল। ওয়েস্টার্ন কেপের টুলবাগে একটি বাণিজ্যিক জলপাই খামার কেনার জন্য তিনি ঋণ চাইছিলেন। তাঁর আশঙ্কা, খামার, আসন্ন ফসল ও কর্মসংস্থান সবই হাতছাড়া হতে পারে। বুইসেনস টানেল ফার্মিংয়ের বায়রন বুইসেন জানান, তাঁর আবেদন প্রাথমিক অনুমোদন পেলেও ঋণ কমিটি পর্যন্ত পৌঁছায়নি।
ন্যাশনাল আফ্রিকান ফার্মার্স ইউনিয়ন অব সাউথ আফ্রিকার (নাফু) সভাপতি মোতসেপে মাতলালা বলেন, ২০২০ সালের খেলাপি অবস্থা থেকে ল্যান্ড ব্যাংক অনেকটা ঘুরে দাঁড়িয়েছে, তবে বর্তমান মিশ্র মডেল খুব ধীর, জামানতনির্ভর এবং পরামর্শকের ওপর বেশি নির্ভরশীল, বিশেষ করে দলিলবিহীন সমষ্টিগত বা ফেরত পাওয়া জমির কৃষকদের জন্য। তিনি চান, যাঁদের আবেদন অনুমোদিত বা প্রক্রিয়াধীন, প্রাতিষ্ঠানিক দেরির কারণে তাঁদের কেউ যেন অর্থ না হারান।
ল্যান্ড ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জাবু এমফাম্বো বলেন, সাশ্রয়ী ও উপযুক্ত অর্থায়ন কৃষি রূপান্তরের গুরুত্বপূর্ণ সহায়ক, এবং তিনি দপ্তরের সহায়তাকে স্বাগত জানান।
ছবি: Alandmanson / উইকিমিডিয়া কমন্স (CC0)
সূত্র: Food for Mzansi





মন্তব্য
(০)