সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া এলাকায় রেলওয়ের জমিতে পরিবার নিয়ে থাকেন ভূমিহীন তৃতীয় লিঙ্গের স্বপ্না। প্রতিবেশীদের ছাগল পালন দেখে আগ্রহ জন্মায়, বাবা কিনে দেন দুটি ছাগল। নিয়মিত পরিচর্যায় সেই দুটি থেকে তাঁর খামারে এখন ১৮টি ছাগল।
খামারে তোতা, হরিয়ানা, বিটল, যমুনাপাড়ি ও ব্ল্যাক বেঙ্গলসহ নানা জাত আছে। স্বপ্নার দাবি, প্রতিটি ছাগলের বাজারমূল্য ১ লাখ থেকে দেড় লাখ টাকা। পাঁঠা দিয়ে প্রজনন করিয়ে দিনে আয় করেন প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। বছর শেষে বিক্রির উপযোগী ছাগল বেচেও ভালো অর্থ আসে।
গত বছর চট্টগ্রামে বিভিন্ন পূজা উপলক্ষে ১০টি ছাগল বিক্রি করে তিনি পেয়েছেন মোট ৭ লাখ ১০ হাজার টাকা। ওই আয়েই তিনি ঘুরে দাঁড়িয়েছেন বলে জানান।
স্বপ্না জানান, জীবিকার তাগিদে একসময় অন্যের কাছে সাহায্য চাইতে হতো, শুনতে হতো কটূক্তি ও নেতিবাচক কথা। সেই অভিজ্ঞতা থেকেই ঠিক করেন, হাত না পেতে নিজে কিছু করবেন। এখন এই খামারই তাঁর আয়ের অন্যতম প্রধান উৎস।
তাঁর প্রত্যাশা, সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে খামারটি আরও বড় করতে পারবেন। এতে নিজের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সমাজে আত্মমর্যাদা নিয়ে বাঁচার স্বপ্নও পূরণ হবে বলে তিনি মনে করেন।
ছবি: Mamun2a / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.5)
সূত্র: কৃষি সময়




মন্তব্য
(০)