খেত-খামার, প্রাকৃতিক সম্পদ ও গবাদিপশুর স্বাস্থ্যের ক্ষতি করা বুনো শূকর নিয়ন্ত্রণে ১৩টি অঙ্গরাজ্যের ২৯টি প্রকল্পে ৫ কোটি ১৯ লাখ ডলার দিচ্ছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবরটি জানিয়েছে ডিটিএন।
এই অর্থ ১০ কোটি ৫০ লাখ ডলারের ফেরাল সোয়াইন ইরাডিকেশন অ্যান্ড কন্ট্রোল পাইলট প্রোগ্রামের অংশ, যা যৌথভাবে চালায় ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশন সার্ভিস ও অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইন্সপেকশন সার্ভিস। ভূমি মালিকেরা এতে জমি পুনরুদ্ধার ও খামারে ফাঁদ পাতার সহায়তা পাবেন, প্রশিক্ষণও থাকবে।
প্রকল্পগুলো পড়েছে অ্যালাবামা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, লুইজিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও টেক্সাসে।
ইউএসডিএ বলছে, বুনো শূকর উদ্ভিদ ও বন্য প্রাণীর আবাস, মাটি ও পানির মানের ক্ষতি করে। এরা এমন রোগও বহন করতে পারে, যা গবাদিপশু ও মানুষের জন্য ঝুঁকির। কনজারভেশন সার্ভিসের প্রধান কোল্টন বাকলি (Colton L. Buckley) একে কৃষিজমির জন্য হুমকি বলে উল্লেখ করেন।
সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি লুইজিয়ানার কৃষি ও বন বিভাগের প্রকল্প। রেড রিভার ও মিসিসিপি অববাহিকার ২৭টি প্যারিশে ১ কোটি ৬৬ লাখ একর জুড়ে নজরদারি, ফাঁদ পাতা ও সমন্বিত অপসারণ বাড়ানো হবে, ভূমি মালিকদের শেখানো হবে এবং প্রাকৃতিক সম্পদের ক্ষতিও মাপা হবে।
সূত্র: DTN / Progressive Farmer




মন্তব্য
(০)