সৌদি আরব থেকে ৪০ হাজার টন (দশ শতাংশ কম-বেশি) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এই লটের জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৩ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা, যা পরিশোধ হবে বাজেটে কৃষি ভর্তুকির জন্য রাখা অর্থ থেকে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে সারটি আনবে।
বৈঠক সূত্র জানায়, ২০০৭ সাল থেকে সরকার জিটুজি চুক্তির আওতায় সাবিক থেকে ইউরিয়া কিনে আসছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে মোট ৮ লাখ ২০ হাজার টন ইউরিয়া আমদানির চুক্তি রয়েছে—এর ৩ লাখ ২০ হাজার টন মূল চুক্তির আওতায়, আর জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়তি ৫ লাখ টন আনার ব্যবস্থা রাখা হয়েছে।
চুক্তিতে নির্ধারিত প্রাইসিং ফরমুলা এবং আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় এবারের পঞ্চম লটের মোট মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৪০০ মার্কিন ডলার। প্রস্তাব অনুযায়ী প্রতি টন ইউরিয়ার দাম পড়বে ৩৯১ দশমিক ৬৬ ডলার।
ক্রয় কমিটির অনুমোদনের পর নির্ধারিত প্রক্রিয়া মেনে সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস থেকে এই লটের সার দেশে আনা হবে।
আমন মৌসুমের শেষ দিক এবং আসন্ন রবি ও আলু মৌসুমের আগে বিভিন্ন জেলায় সারের সরবরাহ নিয়ে কৃষকদের মধ্যে যে অস্থিরতা দেখা দিয়েছে, তার প্রেক্ষাপটে এই আমদানি ইউরিয়ার মজুত ঠিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাংলানিউজ২৪





মন্তব্য
(০)