চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি দিয়ে পাহাড়ি কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করার ওপর জোর দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তাঁদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহারে পাহাড়ের কৃষির বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব, যদি কৃষকের কাছে সময়মতো কৃষিতথ্য, প্রযুক্তি ও সহজলভ্য সেবা পৌঁছানো যায়।
সোমবার (২৬ অক্টোবর) রাঙ্গামাটির বনরূপায় কসমস কনভেনশন হলে ‘চতুর্থ শিল্প বিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ শীর্ষক সেমিনারে এসব কথা ওঠে। আয়োজন করে কৃষি তথ্য সার্ভিসের রাঙ্গামাটি আঞ্চলিক কার্যালয়। সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এম. এম. শাহ্ নেওয়াজ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. মাহবুবুর রশীদ। আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটির উপপরিচালক মো. মনিরুজ্জামান এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার প্রসেনজিৎ মিস্ত্রী।
মো. মসীহুর রহমান বলেন, এআই, ড্রোন, আইওটি ও ডিজিটাল প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করে পাহাড়ি কৃষির সীমাবদ্ধতা দূর করা যায়, এ জন্য কৃষকের কাছে সময়োপযোগী ও বিজ্ঞানভিত্তিক কৃষিতথ্য পৌঁছে দিতে হবে। এম. এম. শাহ্ নেওয়াজের মতে, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও জলবায়ু কাজে লাগিয়ে ফল, মসলা ও অর্থকরী ফসলের উৎপাদন বাড়ানোর বড় সুযোগ আছে, তবে প্রযুক্তির পাশাপাশি পাহাড়ের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদও রক্ষা করতে হবে।
সেমিনারে প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধি, কৃষকদের জন্য ‘ওয়ান স্টপ কৃষিসেবা’ চালু, পরিবেশবান্ধব ভূমি ব্যবস্থাপনা এবং আকস্মিক বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, পাহাড়ের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক পরিবেশ মাথায় রেখে কৃষি পরিকল্পনা করতে হবে। প্রযুক্তিনির্ভর কৃষিসেবা সম্প্রসারণ, কৃষকের দক্ষতা উন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর সমন্বয় জোরদার হলে পাহাড়ি কৃষি আরও আধুনিক, স্মার্ট ও দুর্যোগসহনশীল হবে। সেমিনারে কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
তথ্য: কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটি অঞ্চল (এগ্রিকেয়ার২৪-এর ডেস্ক প্রতিবেদন)।
ছবি: পাহাড়ে জুম চাষ (প্রতীকী), Ricky Unburied / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)