কিশোরগঞ্জের হিমাগারগুলোতে এখনো বিপুল পরিমাণ আলু পড়ে আছে। বাজারে আলুর দাম অনেক কমে যাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা সংরক্ষিত আলু বের করছেন না, এতে বিপাকে পড়েছেন হিমাগার মালিকেরাও।
কৃষি বিভাগ জানায়, জেলার পাকুন্দিয়ায় প্রতিবছর গড়ে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ হাজার ৪৫০ হেক্টরে। অনুকূল আবহাওয়ায় হেক্টরপ্রতি প্রায় ৩০ টন ফলন হয়। একই সময়ে দেশের অন্য এলাকাতেও উৎপাদন বাড়ায় সরবরাহ বেড়ে যায়, কিন্তু চাহিদা না বাড়ায় দাম পড়ে যায়। ভালো দামের আশায় তখন হিমাগারে আলু রাখা হলেও দাম আর বাড়েনি।
পাকুন্দিয়ার পূর্বাচল হিমাগার ও এগারসিন্দুর কোল্ড স্টোরেজে দেখা গেছে, কক্ষে কক্ষে আলুভর্তি বস্তা সাজানো। কোথাও শ্রমিকেরা বস্তা খুলে আলু বের করছেন, কোথাও বাছাই চলছে, তবে খালাসের তৎপরতা কম। কৃষক ও ব্যবসায়ীদের আশঙ্কা, আলু বের করে পরিবহনসহ অন্য খরচ যোগ হলে লোকসান আরও বাড়বে।
তাঁদের হিসাবে উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ মিলিয়ে কেজিপ্রতি খরচ ২৩ থেকে ২৪ টাকা, অথচ বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। এতে কেজিতে ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। সুখিয়া গ্রামের কৃষক রিপন মিয়া জানান, ভালো দামের আশায় আলু হিমাগারে রেখেছিলেন, এখন ক্রেতা নেই; সংরক্ষণের খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন।
হোসেনপুরের ব্যবসায়ী রফিকুল ইসলাম এগারসিন্দুর কোল্ড স্টোরেজে ২ হাজার ২০০ বস্তা আলু রেখেছেন। কেনা, পরিবহন ও হিমাগার ভাড়া মিলিয়ে তাঁর কেজিপ্রতি খরচ ২৩ থেকে ২৪ টাকা। শুরুতে ১৬ থেকে ১৭ টাকায় বিক্রির আশা ছিল, এখন দাম নেমেছে ১০ থেকে ১১ টাকায়, কেজিতে লোকসান ১১ থেকে ১২ টাকা।
পূর্বাচল হিমাগারের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, এ মৌসুমে সেখানে ৫ হাজার ৫০০ মেট্রিক টন আলু রাখা হয়েছিল, এর মধ্যে ৪ হাজার টন খালাস হয়েছে; বাকির বেশির ভাগই বীজ আলু। এগারসিন্দুর কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক প্রকৌশলী আলতাফ হোসেন জানান, ৭ নভেম্বর পর্যন্ত ৮৩ হাজার ৫০০ বস্তা খালাস হয়েছে, বাকি ৫৫ হাজার ৬১৪ বস্তা। খালাসের সময়সীমা ১৫ নভেম্বর, এর মধ্যে সব আলু বের হবে বলে মনে হচ্ছে না; প্রয়োজনে আরও ১৫ দিন সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে ই আলম বলেন, গত বছর স্বাভাবিকের চেয়ে প্রায় ১৫০ হেক্টর বেশি জমিতে আলুর আবাদ হয়েছিল, ফলনও ভালো হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় উৎপাদন বাড়ায় সরবরাহের তুলনায় চাহিদা কমেছে, তাই দীর্ঘদিন আলুর দাম নিম্নমুখী এবং কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
প্রতিবেদনটি কৃষি সময়ের কিশোরগঞ্জ সংবাদদাতার পাঠানো খবরের ভিত্তিতে তৈরি।
সূত্র: কৃষি সময়




মন্তব্য
(০)