মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর ২২ দিনের "মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬" শেষ হয়েছে। ৮ অক্টোবর শুরু হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ হওয়া এ অভিযানে জব্দ হয়েছে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, আরও ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট ও ৫৭০ কেজি মা ইলিশ। জব্দ সামগ্রীর মোট ভিত্তিমূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "ইন এইড টু সিভিল পাওয়ার"-এর আওতায় নৌবাহিনী মোট ২১২টি অভিযান চালিয়েছে এবং ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
নয়টি জেলায় নৌবাহিনীর সাতটি জাহাজ ও বিভিন্ন কন্টিনজেন্ট নিয়মিত টহল দিয়েছে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার নৌযানের অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা ঠেকাতে জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।
সমুদ্র, উপকূল ও অভ্যন্তরীণ নদীর ইলিশের প্রজননক্ষেত্রে স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান হয়েছে। জব্দ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়, উদ্ধার করা জাটকা দেওয়া হয় স্থানীয় এতিমখানায়, আর নিষেধাজ্ঞা অমান্যকারী ও তাঁদের বোট আইনানুগ ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
আইএসপিআরের ভাষ্য, এ ধরনের অভিযান মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা আবার মাছ ধরতে নামছেন।
প্রতিবেদনটি পাঠিয়েছেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট।
ছবি: চাঁদপুরে পোড়ানোর আগে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল, DelwarHossain / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: বাংলা নিউজ ২৪





মন্তব্য
(০)