মাঠজুড়ে সবুজের সমারোহ। টমেটোর গাছে ফল ধরতে শুরু করেছে, মরিচের গাছেও আসছে ফলন। কয়েক মাসের পরিশ্রম আর ধারদেনা করে বিনিয়োগ করা অর্থ ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকরা। কিন্তু ফলন পাওয়ার আগেই একের পর এক মরে যাচ্ছে গাছ। প্রথমে একটি-দুটি, পরে প্রতিদিন বাড়ছে আক্রান্ত গাছের সংখ্যা। কয়েক দিনের ব্যবধানে উজাড় হয়ে যাচ্ছে পুরো বাগান।
ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে টমেটো ও মরিচের গাছে দেখা দিয়েছে এমন অস্বাভাবিক রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে চরদরি-কুষ্টিয়া ও আশপাশের এলাকার কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। রোগের কারণ না বুঝে কেউ ছুটছেন সার ও কীটনাশকের দোকানে, কেউ প্রয়োগ করছেন একের পর এক ওষুধ। তাতেও মিলছে না প্রতিকার; বরং বাড়ছে উৎপাদন খরচ ও লোকসানের শঙ্কা।
কৃষকদের কাছে অজানা এই রোগের নাম শনাক্ত করেছে উপজেলা কৃষি বিভাগ। তাদের ভাষ্য, টমেটো ও মরিচের গাছে আক্রমণ করা রোগটির নাম ব্যাকটেরিয়াল উইল্ট। ব্যাকটেরিয়াজনিত এ রোগে আক্রান্ত গাছ দ্রুত নেতিয়ে পড়ে এবং একপর্যায়ে মারা যায়। কৃষি বিভাগের পরামর্শ, আক্রান্ত গাছ অপসারণ, জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে রোগের ক্ষতি নিয়ন্ত্রণ করতে হবে।
ফলন আসার আগেই মরছে গাছ
ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের কৃষকদের কাছে শীতকাল বাড়তি আয়ের মৌসুম। বর্ষা ও অন্যান্য সময়ে নানা প্রতিকূলতা মোকাবিলা করে বোরো ধান উৎপাদনের পর জমির ধরন ও পানি নিষ্কাশনের সুবিধা অনুযায়ী তারা আবাদ করেন ভুট্টা, সরিষা, টমেটো, মরিচ, বেগুন, লাউসহ বিভিন্ন শীতকালীন সবজি। এসব ফসলের মধ্যে টমেটো ও কাঁচা মরিচ অন্যতম লাভজনক হওয়ায় প্রতিবছরই শীত মৌসুমে এগুলোর আবাদ বাড়ে।
ময়মনসিংহ সদর উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় প্রায় ১ হাজার ২০ হেক্টর জমিতে মরিচ এবং ১ হাজার ২৬০ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়। এর বড় একটি অংশ চরাঞ্চলকেন্দ্রিক। কুষ্টিয়া, অষ্টধর ও বোরচর ইউনিয়নের চরাঞ্চলে প্রতিবছর এসব ফসলের ভালো ফলন হয়। তবে চলতি মৌসুমে গাছ মরে যাওয়ার ঘটনায় সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশ্বিন মাসে জমি প্রস্তুত করে টমেটো ও মরিচের চারা রোপণ করেন তারা। সাধারণত রোপণের প্রায় দুই মাস পর গাছে ফলন আসতে শুরু করে। এরপর টানা কয়েক মাস ফলন পাওয়া যায়। এই হিসাব করেই জমি প্রস্তুত, চারা কেনা, সার, সেচ, শ্রমিক ও কীটনাশকের পেছনে বিনিয়োগ করেন তারা।
কিন্তু এবার ফলন আসতে শুরু করার পরই দেখা দিয়েছে বিপত্তি। প্রথমে বাগানের মাঝখানে একটি-দুটি গাছ নেতিয়ে পড়ে। কৃষকরা ভেবেছিলেন, সামান্য কোনো সমস্যা। কিন্তু পরদিন আরও কয়েকটি গাছ একইভাবে নেতিয়ে পড়ে। এভাবে প্রতিদিন আক্রান্ত গাছের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে পুরো বাগানেই ছড়িয়ে পড়ে রোগ।
সরেজমিনে সদর উপজেলার চরদরি-কুষ্টিয়ার খায়েগরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, কোথাও টমেটো ও মরিচের সারির মাঝখানে কয়েকটি গাছ শুকিয়ে দাঁড়িয়ে আছে। কোথাও সুস্থ গাছের পাশেই মরে পড়ে আছে আক্রান্ত গাছ। কোনো কোনো জমিতে আক্রান্ত গাছের সংখ্যা এত বেশি যে কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
ওষুধের পর ওষুধ, তবু মিলছে না প্রতিকার
রোগের লক্ষণ দেখা দেওয়ার পর স্থানীয় কৃষকরা প্রথমে নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে সমাধান খোঁজেন। কেউ পাশের জমির কৃষকের পরামর্শ নেন, কেউ যান সার ও কীটনাশকের দোকানে। দোকানিরা যে ওষুধ বা কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, অনেক কৃষক সেটিই প্রয়োগ করছেন। কেউ এক ধরনের ওষুধ ব্যবহার করেও ফল না পেয়ে কিনছেন আরেক ধরনের ওষুধ।
কিন্তু এতে প্রত্যাশিত ফল মিলছে না বলে অভিযোগ কৃষকদের। বরং বাড়ছে উৎপাদন খরচ। কোন ওষুধে কাজ হবে, কোন রোগে গাছ মরছে, এমনকি রোগটি কীভাবে ছড়াচ্ছে—এসব বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনেকটা অনুমাননির্ভরভাবেই চলছে চিকিৎসা।
কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের সহযোগিতা চেয়েও তারা কার্যকর সমাধান পাননি। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, রোগ শনাক্ত করা হয়েছে এবং আক্রান্ত জমিতে করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।
এক কাঠায় ৪০ হাজার টাকা বিনিয়োগ
চরাঞ্চলের কৃষকদের জন্য এ ক্ষতি শুধু কয়েকটি গাছ মরে যাওয়ার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ঋণ, ধারদেনা, পরিবারের খরচ এবং পরবর্তী মৌসুমে চাষাবাদের সক্ষমতা।
কৃষকদের দেওয়া হিসাব অনুযায়ী, এক কাঠা জমিতে টমেটো উৎপাদনে খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা। অন্যদিকে এক কাঠা জমিতে মরিচ উৎপাদনে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। জমি প্রস্তুত, চারা কেনা, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও পরিচর্যা মিলিয়ে এই ব্যয় হয়।
ফলে কয়েক কাঠা জমিতে আবাদ করা একজন কৃষকের বিনিয়োগ দাঁড়ায় কয়েক লাখ টাকা। গাছে ফলন আসার পরপরই যদি গাছ মারা যায়, তাহলে সেই অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে না। কৃষকদের আশঙ্কা, এভাবে গাছ মরতে থাকলে উৎপাদন খরচ ওঠানো তো দূরের কথা, সংসারের দৈনন্দিন ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়বে। অনেকে পরবর্তী মৌসুমে চাষাবাদের জন্য প্রয়োজনীয় পুঁজিও হারাতে পারেন।
চরদরি-কুষ্টিয়া এলাকার কৃষক শামসুল হক পাঁচ কাঠা জমিতে কাঁচা মরিচের আবাদ করেছেন। প্রতিবছরের মতো এবারও ভালো ফলনের প্রত্যাশায় জমি প্রস্তুত করে চারা রোপণ ও পরিচর্যা করেছেন। কিন্তু গাছে ফলন আসার আগেই শুরু হয়েছে গাছ মরে যাওয়ার ঘটনা।
তিনি বলেন, কোনো ওষুধ বা কীটনাশকের কথা বলা হলে সেটি ব্যবহার করেছেন। একাধিক ধরনের ওষুধ প্রয়োগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। চোখের সামনে গাছগুলো নেতিয়ে পড়ে মরে যাচ্ছে। কেন এমন হচ্ছে, তা বুঝতে পারছেন না।
তার ভাষ্য, কৃষকরা অনেক কষ্ট করে জমিতে ফসল ফলান। কিন্তু এবার গাছের এমন অবস্থা দেখে তারা দিশেহারা। শুধু অর্থের ক্ষতি নয়, সামনে কীভাবে আবার চাষাবাদ করবেন, সেটিও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিকও একই উদ্বেগের কথা জানিয়েছেন। তার মতে, এলাকার কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় এমন পরিস্থিতি অস্বাভাবিক। আগে বিভিন্ন রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখেছেন তারা। কিন্তু এবার গাছ যেভাবে হঠাৎ নেতিয়ে পড়ে মারা যাচ্ছে, তার সঠিক কারণ বুঝতে পারছেন না।
২০ দিনে শেষ হচ্ছে ১২ কাঠার টমেটো বাগান
একই এলাকার কৃষক সোহাগ মিয়ার ক্ষতির চিত্র আরও উদ্বেগজনক। তিনি মোট ১২ কাঠা জমিতে চাষাবাদ করেছেন। এর মধ্যে ছয় কাঠা জমিতে টমেটো আবাদ করেছেন। গাছে ফলন আসতে শুরু করার পর থেকেই তার জমিতে গাছ মরে যাওয়ার ঘটনা ঘটছে।
সোহাগ মিয়া জানান, প্রথম দিকে প্রতিদিন ১০ থেকে ১৫টি গাছ মারা যাচ্ছিল। পরদিন আবার নতুন গাছ আক্রান্ত হচ্ছিল। এভাবে গত ১৫ থেকে ২০ দিনে তার টমেটো বাগানের বড় অংশ নষ্ট হয়ে গেছে। প্রতিটি গাছে ফলন ধরতে শুরু করার পরই এমন অবস্থা হচ্ছে।
তিনি বলেন, যে সময়টাতে গাছ থেকে টমেটো সংগ্রহ করে বাজারে বিক্রি করার কথা, সেই সময়টাতে গাছই বাঁচানো যাচ্ছে না। এত টাকা খরচ করে পরিচর্যা করার পর এখন শুধু ক্ষতির হিসাব করতে হচ্ছে। রোগের কারণ জানা না থাকায় কী করবেন, সেটিও বুঝতে পারছেন না।
যা বলছে কৃষি বিভাগ
কৃষকদের কাছে রোগটি অজানা থাকলেও উপজেলা কৃষি বিভাগ বলছে, এটি ব্যাকটেরিয়াজনিত রোগ। রোগটির নাম ব্যাকটেরিয়াল উইল্ট। টমেটো ও মরিচসহ বিভিন্ন ফসলে এ রোগের আক্রমণ হতে পারে। আক্রান্ত গাছ দ্রুত নেতিয়ে পড়ে এবং একপর্যায়ে মারা যায়।
ময়মনসিংহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক জাগো নিউজকে বলেন, সদর উপজেলার চরাঞ্চলের কুষ্টিয়া, অষ্টধর ও বোরচর ইউনিয়নে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ জমিতে টমেটো ও মরিচের আবাদ হয়। এসব এলাকায় সাধারণত ভালো ফলনও হয়ে থাকে। তবে এবার যেসব গাছ নেতিয়ে পড়ছে, সেগুলো ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছে। মূলত এ রোগকে ব্যাকটেরিয়াল উইল্ট বলা হয়।
তিনি বলেন, রোগটি থেকে পরিত্রাণ পেতে কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে। প্রথমত, গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে, সেজন্য জমিতে ভালো পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, কোনো গাছে উইল্টিং বা নেতিয়ে পড়ার লক্ষণ দেখা দিলে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। এরপর কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কপার অক্সিক্লোরাইড জাতীয় বালাইনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে প্রয়োগ করা যেতে পারে। রোগের তীব্রতা অনুযায়ী ৩-৪ দিন অথবা ৫-৬ দিন পরপর প্রয়োগের পরামর্শ দেন তিনি।
কৃষি কর্মকর্তা আরও বলেন, জৈবিক পদ্ধতিতেও রোগ ব্যবস্থাপনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে। পাশাপাশি আক্রান্ত গাছ ফেলে না রেখে দ্রুত জমি থেকে সরিয়ে ফেলতে হবে।
কৃষি তথ্য সার্ভিসের প্রকাশিত রোগ ব্যবস্থাপনা নির্দেশনায় বলা হয়েছে, ব্যাকটেরিয়াল উইল্ট রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম Ralstonia solanacearum। এ রোগের জীবাণু মাটি, আক্রান্ত গাছের অবশিষ্টাংশ ও বিকল্প পোষক উদ্ভিদে বেঁচে থাকতে পারে। সেচের পানি এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমেও রোগটি ছড়াতে পারে। উচ্চ তাপমাত্রা ও অধিক আর্দ্রতা রোগের বিস্তারে সহায়ক ভূমিকা রাখে। আক্রান্ত গাছের পাতা ও ডাঁটা দ্রুত নেতিয়ে পড়া এ রোগের অন্যতম লক্ষণ।
অর্থাৎ, শুধু গাছের ওপর ওষুধ প্রয়োগ করলেই সমস্যার স্থায়ী সমাধান নাও হতে পারে। জমির মাটি, পানি নিষ্কাশন, আক্রান্ত গাছ অপসারণ এবং পরবর্তী ফসল নির্বাচনও গুরুত্বপূর্ণ।
কৃষি তথ্য সার্ভিসের নির্দেশনায় আক্রান্ত গাছ মাটিসহ তুলে ধ্বংস করা, জমিতে পানি জমতে না দেওয়া, রোগমুক্ত চারা ব্যবহার এবং আক্রান্ত জমিতে অন্তত চার বছর শস্য পর্যায় অনুসরণের পরামর্শ রয়েছে। এ ছাড়া মাটি শোধনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) তথ্যেও টমেটোর উইল্ট রোগ প্রতিরোধে জমির মাটি স্যাঁতসেঁতে না রাখা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক জানান, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। কৃষকদের যেকোনো রোগবালাইয়ের ক্ষেত্রে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কৃষকরা যেন নিজেরা অনুমান করে ওষুধ ব্যবহার না করেন। কোনো রোগ দেখা দিলে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে আক্রান্ত গাছের নমুনা নিয়ে সরাসরি উপজেলা কৃষি অফিসে আসতে হবে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে মাঠপর্যায়ের বাস্তবতা বলছে, রোগ শনাক্তের আগেই অনেক কৃষক স্থানীয় দোকান থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিনে প্রয়োগ করছেন। এতে তাদের খরচ বাড়ছে, অথচ রোগ নিয়ন্ত্রণে আসছে না।
সূত্র: জাগো নিউজ ২৪


মন্তব্য
(০)