ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার টমেটোচাষিরা বড় লোকসানের মুখে পড়েছেন। পিম্পলগাঁও বসবন্ত কৃষিপণ্য বাজার কমিটির (এপিএমসি) বাজারে এক সপ্তাহে দাম তীব্রভাবে কমেছে, অথচ বাজারে টমেটোর আমদানি প্রায় অর্ধেকে নেমেছে।
এপিএমসির তথ্যে, ১৩ নভেম্বর প্রতি ক্রেট টমেটোর সর্বোচ্চ দাম ছিল ৩৫১ রুপি, গড় ২৬১ রুপি। ১৯ নভেম্বর সর্বোচ্চ দাম নেমে আসে ২৮১ রুপিতে, গড় ২০১ রুপিতে। অর্থাৎ ছয় দিনে সর্বোচ্চ দাম কমেছে ২০ শতাংশ, গড় দাম ২৩ শতাংশ।
জোগান কমার মধ্যেই এই দরপতন। পিম্পলগাঁও বসবন্তে ১৭ নভেম্বর টমেটো এসেছিল ২,৫৫,৯৯৫ ক্রেট, ১৯ নভেম্বর তা কমে ১,৩১,৫৭৫ ক্রেটে দাঁড়ায়, প্রায় ৪৯ শতাংশ কম। দাম ও আমদানি একসঙ্গে কমায় চাষিদের আশঙ্কা, বাজারে চাহিদাই দুর্বল।
সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছেন ত্র্যম্বকেশ্বর তালুকের ছোট কৃষকেরা। তাঁদের অনেকে সাধারণত ধান, নাগলি (ফিঙ্গার মিলেট) ও ভারাই (লিটল মিলেট) চাষ করেন; বাড়তি আয়ের আশায় এ বছর টমেটোতে গিয়েছিলেন। এখন ফসল তোলা, শ্রম ও পরিবহনের খরচও উঠছে না, কারও কারও জন্য বাজারে ফসল নেওয়াই লোকসানের।
ইয়েওলা তালুকে খরা ও পানির সংকটে ফসল বাঁচিয়ে রাখার খরচ বেড়েছে। ইয়েওলা বাজার কমিটিতে দিনে মাত্র ১৫-২০ ক্রেট টমেটো আসছে বলে জানা গেছে, তবু সেখানে দাম পড়ে আছে ক্রেটপ্রতি ১৫০-২০০ রুপিতে।
সংরক্ষণের সুবিধা না থাকা ছোট কৃষকদের পচনশীল ফসল বাজারের দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। ফলে খরচ তোলা এবং পরের মৌসুমের চাষের টাকা জোগাড় নিয়েই তাঁরা দুশ্চিন্তায়।
সূত্র: Rural Voice (প্রতিবেদক রাজশ্রী সিং)


মন্তব্য
(০)