২০২৩ সালে স্কুলের শেষ বছরের পরীক্ষার চাপ ভুলতে টমেটো চাষ শুরু করেন মুসা সিবানিয়োনি (Musa Sibanyoni)। এক বছর পর দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের কোয়ানদেবেলের কোয়াগাফন্টেইনে নিজের বাগানটিকে তিনি ‘মুসা নহ্লাপোস গার্ডেন’ নামে ব্যবসা হিসেবে নিবন্ধন করেন। এখন তাঁর লক্ষ্য গাছের সংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ১,৫০০ করা, জানিয়েছে ফুড ফর মজানসি।
টমেটো চাষ তিনি শিখেছেন মা জাভিলে সিবানিয়োনির কাছ থেকে, যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী এবং বাড়ির পেছনের বাগানে টমেটো ফলিয়ে বিক্রি করতেন। মুসা বলেন, তোলার পর বাড়িতে টমেটো দুই দিনও টিকত না; প্রতিবেশীরা মায়ের বাগানের টমেটো কত দ্রুত কিনে নিত তা দেখেছেন বলেই ফসল বাছাই করা সহজ হয়েছে।
এক হেক্টরের কম আয়তনের একটি সামাজিক জমিতে ১০০টি গাছ দিয়ে শুরু করে এখন তাঁর গাছ ৭০০টি। তিনি আশপাশের ছোট মুদি দোকান ও রাস্তার বিক্রেতাদের কাছে টমেটো বিক্রি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনও দেন। তাঁর মতে, ক্রেতার সঙ্গে ভালো ব্যবহার আর মান ধরে রাখলে ক্রেতা ফিরে আসেন, মুখে মুখে বিক্রিও বাড়ে।
জাত বাছাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মুসা। তিনি চাষ করেন স্টার ৯০০৯ এফ১ হাইব্রিড জাত, যা তাঁর ভাষায় শীতে ভালো ফলন দেয়, এমপুমালাঙ্গার গরমও সহ্য করে এবং ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগে কিছুটা প্রতিরোধী। প্রতিটি টমেটোর ওজন ১৪০ থেকে ১৭০ গ্রাম, আর দোকানের তাকে সাত থেকে ১৪ দিন ভালো থাকে বলে তিনি জানান।
রোগ ও পোকা এখনো সবচেয়ে বড় সমস্যা। এ বছরের শুরুতে আলাদা একটি প্রকল্পে ৫০০টি টমেটো গাছ নাবি ধসা (লেট ব্লাইট) রোগে নষ্ট হয়ে যায়। গ্রিনহাউস ছাড়া শীতে টমেটো চাষ কঠিন বলেও জানান তিনি। অন্য চাষিদের প্রতি তাঁর পরামর্শ, নিয়মিত স্প্রে সূচি মেনে চলুন, ছত্রাকের বিরুদ্ধেও, কারণ বর্ষায় সেটাই প্রধান ঝুঁকি। তাঁর কথায়, দাগ পড়া টমেটো ক্রেতারা পছন্দ করেন না, তাই পোকার ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হয়।
তাঁর এলাকায় পানির সংকট আছে। তিনি ড্রিপ সেচ বসিয়েছেন, তবে ব্যবসা বাড়াতে আরও জমি, বেড়া, সেচ ও নির্ভরযোগ্য পানির উৎসে বিনিয়োগ লাগবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য চাষিদের অভিজ্ঞতা থেকে তিনি শেখেন, গত বছর এমপুমালাঙ্গা কৃষি বিভাগের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং খামার ব্যবস্থাপনা নিয়ে পড়তে চান। ভবিষ্যতে বড় খুচরা দোকান ও শোয়ানের (Tshwane) বাজারে টমেটো পাঠানো এবং উদ্বৃত্ত টমেটো প্রক্রিয়াজাত করার স্বপ্ন দেখেন তিনি।
প্রতিবেদনটি ফুড ফর মজানসির জন্য লিখেছেন ভাতেকা হালিলে।
ছবি: HitroMilanese / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Food for Mzansi




মন্তব্য
(০)