মাছের ঝাল হোক কিংবা ডাল, সবজির তরকারি বা চাটনি-একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই খাবারের স্বাদ ও গন্ধ যেন কয়েক গুণ বেড়ে যায়। রান্নার শেষ মুহূর্তে ধনেপাতা কুচি দেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে।
কিন্তু বাজার থেকে আনা ধনেপাতা সব সময় টাটকা পাওয়া যায় না। কখনো দাম বেশি, কখনো আবার কিনে আনার পর ফ্রিজে রাখলেও দ্রুত নেতিয়ে পড়ে। তা হলে উপায়? বাড়িতেই যদি ধনেপাতা ফলানো যায়, তা হলে কেমন হয়?
রান্নাঘরে থাকা ধনে বীজ দিয়েই খুব সহজে টবে ফলাতে পারেন টাটকা ধনেপাতা। বাড়ির বারান্দা, ছাদ কিংবা জানলার পাশে সামান্য জায়গা থাকলেই শুরু করা যায় এই চাষ। তবে ভালো ফলন পেতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। রইল ধনেপাতা চাষের সহজ পদ্ধতি।
ধনেপাতা চাষের জন্য কী কী লাগবে?
ধনেপাতা চাষের জন্য খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। প্রথমেই ৮ থেকে ১০ ইঞ্চি গভীর একটি টব বা পাত্র বেছে নিন। টবের নিচে অবশ্যই পানি বের হওয়ার ছিদ্র থাকতে হবে। কারণ গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে।
এবার মাটি তৈরি করুন। দোআঁশ মাটির সঙ্গে অল্প কম্পোস্ট সার বা কোকোপিট মিশিয়ে নিন। এতে মাটি ঝুরঝুরে থাকবে এবং পানি ও বাতাস চলাচল করতে পারবে। টব এমন জায়গায় রাখুন, যেখানে প্রতিদিন অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা রোদ আসে। তবে খুব তীব্র রোদে মাটি যেন দ্রুত শুকিয়ে না যায়, সেদিকেও নজর রাখুন।
কীভাবে বপন করবেন ধনে বীজ?
ধনেপাতা চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বীজ তৈরি করা। ধনে দানার খোসার ভেতরে সাধারণত দুটি বীজ থাকে। তাই বপনের আগে দানাগুলো হাতে আলতো করে ভেঙে বা বেলন দিয়ে হালকা চাপ দিয়ে দুই ভাগ করে নিতে পারেন। বীজ যেন গুঁড়া হয়ে না যায়।
চাইলে বীজগুলো পরিষ্কার পানি কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখতে পারেন। এরপর পানি ঝরিয়ে মাটিতে বপন করুন।
প্রথমে টবের মাটি হালকা ঝুরঝুরে করে নিন। তারপর মাটির প্রায় আধ ইঞ্চি গভীরে বীজ ছড়িয়ে দিন। বীজের মধ্যে সামান্য দূরত্ব রাখলে চারা বড় হওয়ার সময় সুবিধা হবে। ওপর থেকে পাতলা করে মাটি ছড়িয়ে অল্প পানি দিন। সাধারণত আবহাওয়া ও পরিচর্যার ওপর নির্ভর করে ৭ থেকে ১৪ দিনের মধ্যে চারা গজাতে শুরু করে।
ধনেপাতা গাছে কতটা পানি দেবেন?
ধনেপাতা গাছের বৃদ্ধির জন্য মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা থাকা জরুরি। তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। মাটির উপরিভাগ শুকিয়ে আসতে শুরু করলে জল দিন। টবের নিচে দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে।
বিশেষ করে বর্ষাকালে পানি দেওয়ার আগে মাটি পরীক্ষা করে নিন। কারণ অতিরিক্ত আর্দ্রতায় গাছের গোড়া পচে যেতে পারে এবং পাতা হলুদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
কখন সার দেবেন?
ধনেপাতা চাষে খুব বেশি সারের প্রয়োজন হয় না। তবে গাছের বৃদ্ধি ভালো করতে বপনের তিন থেকে চার সপ্তাহ পর অল্প পরিমাণে পচা জৈব সার বা কম্পোস্ট মাটিতে মিশিয়ে দিতে পারেন। অতিরিক্ত সার ব্যবহার করবেন না। এতে গাছের ক্ষতি হতে পারে।
পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাবেন কীভাবে?
টবে ধনেপাতা চাষ করলে মাঝে মাঝে পোকামাকড়ের উপদ্রব দেখা দিতে পারে। তাই নিয়মিত পাতার দুপাশ ও গাছের গোড়া পরীক্ষা করুন। পোকা দেখা গেলে আক্রান্ত পাতা সরিয়ে ফেলুন। প্রয়োজনে গাছের জন্য উপযোগী নিমভিত্তিক কীটনাশক লেবেলের নির্দেশ মেনে ব্যবহার করতে পারেন। অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে টবের চারপাশে উপযুক্ত নেটও ব্যবহার করা যায়।
কখন ধনেপাতা তুলবেন?
চারা বড় হয়ে পাতায় ভরে উঠলে ধনেপাতা সংগ্রহ করতে পারেন। সাধারণত বপনের কয়েক সপ্তাহ পর থেকেই গাছের বৃদ্ধি অনুযায়ী পাতা তোলা যায়। একবারে গোটা গাছ তুলে না নিয়ে বাইরের দিকের বড় পাতাগুলো কাঁচি দিয়ে কেটে নিন। এতে মাঝখানের অংশ থেকে নতুন পাতা গজানোর সুযোগ থাকে।
সামান্য জায়গা আর কয়েকটি ধনে বীজ থাকলেই বাড়িতে শুরু করতে পারেন ধনেপাতা চাষ। এতে যেমন রান্নার জন্য হাতের কাছেই মিলবে টাটকা পাতা, তেমনই বারান্দার ছোট বাগানও হয়ে উঠবে সবুজে ভরা। বাজারের উপর নির্ভর না করে নিজের হাতে ফলানো ধনেপাতা দিয়ে রান্নার স্বাদ বাড়ানোর আনন্দই আলাদা। সূত্র: নিউজ এইটটিন, দ্য স্প্রুস




মন্তব্য
(০)