চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছরা ইউনিয়নের সাতজন কৃষক এবার প্রায় ২০০ শতক জমিতে অসময়ের তরমুজ করেছেন। খরচ হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা, আর চাষিরা আশা করছেন প্রায় ১০ লাখ টাকা লাভের। মাত্র ৬০ থেকে ৭০ দিনেই ফলন মিলছে।
জাত হিসেবে লিওনা, সুগার কিং, সূর্যডিম ও বিগবাইট বেছে নিয়েছেন তাঁরা। মৌসুমের বাইরে ফলন হওয়ায় জাতভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকায়। পাইকাররা ক্ষেত থেকেই কিনে নিচ্ছেন।
মাছিমেরতালুকের কৃষক সাহেদ হোসেন ২২ শতকে চাষ করে এরই মধ্যে আড়তে ১ লাখ ৪৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন, আরও ২ লাখ টাকার বিক্রির আশা তাঁর। খৈয়াছরার মুসলিম উদ্দিন মিয়া খান উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে প্রথমবার মালচিং পদ্ধতিতে এই চাষ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, কয়েক বছর ধরে মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ হচ্ছে। চট্টগ্রাম কৃষি অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পে এবার চারটি প্রদর্শনী দেওয়া হয়েছে এবং কৃষকদের প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ ও উপকরণ দেওয়া হচ্ছে।
খৈয়াছরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কথায়, শুরুতে আগ্রহ কম ছিল, এখন ফলন ও লাভ দেখে অন্য কৃষকেরাও আগ্রহী হচ্ছেন।
সূত্র: জাগো নিউজ ২৪




মন্তব্য
(০)