মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামে একটি কবরস্থানের পাশে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তিনটি মেছো বাঘের বাচ্চাকে খেলতে দেখেন কয়েকজন কৃষক। তাঁরা খবর দিলে স্থানীয় কয়েকজন যুবক গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে বাচ্চাগুলোর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করেন।
স্থানীয়দের ধারণা, মা মেছো বাঘটি খাবারের খোঁজে আশপাশে কোথাও গেছে, সে সময় বাচ্চাগুলো ওই জায়গায় ছিল। তাই বাচ্চাগুলোকে দূরে না সরিয়ে যেখানে পাওয়া গেছে, তার কাছেই একটি নিরাপদ জায়গায় রেখে দেওয়া হয়েছে।
জেলা বন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা হামিম হায়দার জানান, মেছো বাঘ বাংলাদেশের বন্যপ্রাণীর একটি গুরুত্বপূর্ণ প্রজাতি। কোথাও এর বাচ্চা পাওয়া গেলে সেগুলো ধরাধরি করা, ভয় দেখানো বা অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত নয়।
তিনি বলেন, মা মেছো বাঘ খাবারের খোঁজে বাইরে গেলে বাচ্চারা অনেক সময় একটি নির্দিষ্ট জায়গায় থেকে যায়। তাই বাচ্চাগুলো নিরাপদে রেখে সেখানে মানুষের চলাচল কমাতে হবে, যাতে মা ফিরে এসে বাচ্চাদের নিয়ে যেতে পারে।
বন্যপ্রাণী উদ্ধারের সবচেয়ে নিরাপদ উপায় স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া, বলেন হামিম হায়দার। কৌতূহলের বশে বন্যপ্রাণী বাড়িতে নিয়ে যাওয়া বা আটকে না রাখতে এবং এদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদনটি পাঠিয়েছেন জাগো নিউজের মেহেরপুর প্রতিনিধি আসিফ ইকবাল।
ছবি: Mike R / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: জাগো নিউজ ২৪





মন্তব্য
(০)