ফলন ভালো হলেও দাম নেই। তাই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামের তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম নিজেদের ফুলকপি খেতেই কেটে ফেলে রাখছেন। গ্রামের লোকজন সেই কপি নিয়ে যাচ্ছেন গরুর খাবার হিসেবে। এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে তাঁরা চাষ করেছিলেন।
তিন বন্ধু জানান, বিঘাপ্রতি খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা, সব মিলিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। এখন বাজারে কেজি দুই থেকে তিন টাকা। এ দামে বিঘায় আয় দাঁড়াবে মাত্র পাঁচ-ছয় হাজার টাকা, যা দিয়ে কপি তোলার শ্রমিকের মজুরিও হয় না। দিনমজুরি করে সংসার চালানো এই তিন যুবকের দুশ্চিন্তা এখন এনজিওর কিস্তি নিয়ে।
সমকালের কোটচাঁদপুর সংবাদদাতার প্রতিবেদন অনুযায়ী, উপজেলার পাঁচ ইউনিয়নের সবখানেই ফুলকপির চাষ হয়, সবচেয়ে বেশি দোড়া ইউনিয়নে। এ বছর উপজেলায় ১০৯ হেক্টরে ফুলকপি আবাদ হয়েছে।
গ্রামের বাসিন্দা অলিয়ার রহমান ও মনির হোসেন জানান, অনেক কষ্ট করে চাষ করা ফসল দাম না পেয়ে খেতেই ফেলে রাখতে হচ্ছে।
কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন বলেন, মৌসুমের শুরুতে যাঁরা আগাম ফুলকপি বাজারে তুলতে পেরেছেন, তাঁরা ভালো দাম পেয়েছেন। এখন শীতকালীন কপি একসঙ্গে বাজারে আসায় সরবরাহ বেড়েছে, তাই দাম তুলনামূলক কম।
ছবি: Peter Forster / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: সমকাল





মন্তব্য
(০)