ইউরিয়া সারের বিকল্প হিসেবে গ্রিন অ্যামোনিয়া পরীক্ষার একটি জাতীয় উদ্যোগ চালু হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের সাংরুর জেলার বিজলপুর গ্রামে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর) এ তথ্য জানিয়েছে।
কর্মসূচির আওতায় ২০২৬ সালের রবি মৌসুমে ভারতজুড়ে ১০,০০০ একর জমিতে মাঠ পর্যায়ে প্রচলিত ইউরিয়ার পাশাপাশি গ্রিন অ্যামোনিয়াকে নাইট্রোজেনের উৎস হিসেবে যাচাই করা হবে।
পাঞ্জাবে ছয়টি কৃষি বিজ্ঞান কেন্দ্র, ভাতিন্ডা, জলন্ধর, মোগা, অমৃতসর, সাংরুর ও হোশিয়ারপুর, প্রতিটি ৩০০টি করে মোট ১,৮০০টি প্রদর্শনী চালাবে।
উদ্বোধনে ছিলেন লুধিয়ানার আইসিএআর-কৃষি প্রযুক্তি প্রয়োগ গবেষণা ইনস্টিটিউট ও সাংরুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মকর্তারা এবং সাংরুর, মানসা ও বার্নালা জেলার ৩০ থেকে ৪০ জন কৃষক। আইসিএআর জানায়, এসব প্রদর্শনী থেকে টেকসই, বিজ্ঞানভিত্তিক পুষ্টি ব্যবস্থাপনায় গ্রিন অ্যামোনিয়ার সম্ভাবনা নিয়ে মাঠের তথ্য মিলবে।
এ মাসের শুরুতে হরিয়ানার মহেন্দ্রগড়ে ৩০০ একর সরিষাখেতে এর একটি ছোট প্রদর্শনী পর্যালোচনা করেছিলেন আইসিএআর কর্মকর্তারা।
সূত্র: আইসিএআর




মন্তব্য
(০)