টাঙ্গাইলের ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে বেশ কিছুদিন ধরে দুটি মেছো বিড়াল চলাফেরা করছে। শুক্রবার একটি বাড়ির পাশের ঝোপে সেগুলো দেখা গেলে এলাকায় আতঙ্ক ছড়ায়।
উপজেলা বন কর্মকর্তা এমরান আলী বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয়রা ভুল করে এগুলোকে চিতা বাঘ বললেও আসলে এগুলো মেছো বাঘ বা মেছো বিড়াল। আতঙ্কিত না হতে এবং প্রাণী দুটিকে না মারতে স্থানীয় মসজিদের মাইকে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া জানান, অনিকনগর পার্কের পশ্চিমে বারেকের বাড়ির পাশের ঝোপে প্রাণী দুটি দেখা যায়। হারুন নামের এক কিশোর মোবাইলে তার ভিডিও করেন। ফেসবুকে সেটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ ওই জঙ্গলের পাশে ভিড় করেন।
আব্দুল বারেক মিয়া বলেন, তাঁর বাড়ির পশ্চিমের ঘন জঙ্গল থেকে বেরিয়ে প্রাণী দুটি শুয়ে ছিল এবং জোরে ডাকছিল, তাই কেউ সামনে যেতে সাহস পায়নি।
মাইকে ঘোষণার পর লোকজন জড়ো হলে প্রাণী দুটি পালিয়ে যায়। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সেগুলো এখনো ধরা পড়েনি, এলাকাবাসীও আতঙ্কে আছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, ভিডিও ছড়ানোর পর আতঙ্ক পুরো এলাকায় ছড়িয়েছে।
ছবি: Mike R / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: ঢাকা ট্রিবিউন





মন্তব্য
(০)