এল নিনোর প্রভাব এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তা থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। এই উষ্ণ পর্যায় শেষ হলে লা নিনা দেখা দিতে পারে, তবে সেটি এখনই নিশ্চিত পূর্বাভাস নয়, জানিয়েছে ইত্তেফাক।
ডব্লিউএমওর হিসাবে ২০২৫ সালের শেষ দিকে তৈরি হওয়া দুর্বল লা নিনা ২০২৬ সালের শুরুতেই দ্রুত দুর্বল হয়ে পড়ে। বছরের মাঝামাঝি পরিস্থিতি পুরোপুরি বদলে তৈরি হয় শক্তিশালী এল নিনো।
যুক্তরাষ্ট্রের নোয়ার আবহাওয়াবিদ নাথানিয়েল জনসন অক্টোবরের পরীক্ষামূলক পূর্বাভাসে বলেছেন, বর্তমান এল নিনো ২০২৭ সালের বসন্ত বা গ্রীষ্মের শুরুর দিকে নিরপেক্ষ অবস্থার দিকে যেতে পারে। পূর্বাভাসের সময়সীমা যত দীর্ঘ হচ্ছে, অনিশ্চয়তাও তত বাড়ছে।
এল নিনো ও লা নিনা একটি প্রাকৃতিক জলবায়ু চক্রের দুই বিপরীত পর্যায়, যা সাধারণত তিন থেকে সাত বছর পরপর দেখা যায়। নোয়ার ভাষায় দুটি মিলে এল নিনো-সাউদার্ন অসিলেশন বা ইএনএসও।
এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে বওয়া অয়ন-বায়ু দুর্বল হয়, ফলে উষ্ণ পানি পূর্ব দিকে সরে যায়। লা নিনার সময় অয়ন-বায়ু স্বাভাবিকের চেয়ে শক্তিশালী হয়ে উষ্ণ পানিকে এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়, আর দক্ষিণ আমেরিকার উপকূলে গভীর থেকে শীতল ও পুষ্টিসমৃদ্ধ পানি ওপরে ওঠে।
এই দুই পর্যায়ের বদল নির্দিষ্ট সময়সূচি মেনে হয় না। এল নিনোর পর লা নিনা সব সময় আসে না, আবার পরপর দুই বছর একই পর্যায় থাকতে পারে। এল নিনো দুর্বল হতে শুরু করলে প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি কীভাবে বদলায়, তা পর্যবেক্ষণ করতে হবে বিজ্ঞানীদের।
সূত্র: ইত্তেফাক




মন্তব্য
(০)