যুক্তরাষ্ট্র ২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। দেশটিতে একই ধরনের হাম ভাইরাস টানা এক বছর ধরে ছড়ানোয় এ সিদ্ধান্ত নিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) পরিচালককে পরামর্শ দেওয়া বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল ঘোষণা করা হয়েছিল। সিএনএন ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে খবরটি দিয়েছে সমকাল।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো দেশে একই ধরনের ভাইরাসে অন্তত এক বছর ধরে মানুষ থেকে মানুষে সংক্রমণ চললে সেটিকে স্থানীয়ভাবে স্থায়ী বা এন্ডেমিক সংক্রমণ ধরা হয়। ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই ধারাবাহিকতা নির্ধারণ করা হয়। উটাহ অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য গবেষণাগারের বিজ্ঞানীরা আগস্টে জানান, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সেখানে একই ধরনের ভাইরাসে ৬০০ জনের বেশি আক্রান্ত হন।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৪০০-এর বেশি হাম রোগী শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ; নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে ৪৩টি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যে, শনাক্ত রোগীদের প্রতি ৯ জনে একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, আর অঙ্গরাজ্যগুলোর হিসাবে অন্তত ১০ জন মারা গেছেন। আক্রান্তদের প্রায় সবাই এমএমআর টিকা নেননি অথবা তাদের টিকার তথ্য জানা যায়নি।
জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের হাম বিশেষজ্ঞ অধ্যাপক উইলিয়াম মস বলেন, হাম শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্মৃতি নষ্ট করতে পারে, ফলে আগে গড়ে ওঠা সুরক্ষা কমে যায় এবং নিউমোনিয়া ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। গর্ভবতী নারী আক্রান্ত হলে গর্ভের শিশুও সংক্রমিত হতে পারে। সিডিসির তথ্যে, এমএমআর টিকার দুই ডোজ হামের ঝুঁকি ৯৭ শতাংশ কমায়।
কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের ভাইরোলজিস্ট অ্যাঞ্জেলা রাসমুসেন বলেন, উটাহর গবেষণার তথ্যই স্বীকৃতি হারানো প্রমাণে যথেষ্ট ছিল। কলাম্বিয়া ইউনিভার্সিটির মহামারিবিদ নুয়ান গুনাওয়ার্ধানার মতে, এটি দেশটির জনস্বাস্থ্যে কয়েক দশকের অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার ইঙ্গিত।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের হার বাড়ানো ও টিকার প্রতি আস্থা ফেরানো গেলে স্বীকৃতি আবার ফিরে পাওয়া সম্ভব। তবে অধ্যাপক মসের মতে, টিকা নিয়ে আস্থার সংকট, স্কুলে টিকা না নেওয়ার ছাড় বেড়ে যাওয়া এবং শিশুদের এমএমআর টিকার হার কমায় কাজটি সহজ হবে না।
ছবি: Dctrzl / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: সমকাল





মন্তব্য
(০)