বাংলাদেশের ইলিশ না পেয়ে ভারতের বাজারে হতাশা
ভারতে ইলিশ মাছ ধরা পড়লেও, সেখানকার বাঙ্গালীদের কাছে বাংলাদেশের ইলিশ বেশি প্রিয়।
ভারতে ইলিশ মাছ ধরা পড়লেও, সেখানকার বাঙ্গালীদের কাছে বাংলাদেশের ইলিশ বেশি প্রিয়।
বিশেষ করে কলকাতার মানুষ ইলিশকে কতটা ভালোবাসে তার প্রমাণ হচ্ছে, ইলিশ নিয়ে সেখানে গানও তৈরি হয়েছে।
কিন্তু গত কয়েকবছর ধরে ইলিশ মাছ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের সুস্বাদু ইলিশ না পেয়ে হতাশ পশ্চিমবঙ্গের বাসিন্দারা।
সীমান্ত পার করে ইলিশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে নানা তৎপরতাও শুরু হয়েছে।
বাংলাদেশের ইলিশ কলকাতার মানুষের কাছে কেন এতটা প্রিয়? বিষয়টি জানার চেষ্টা করেছেন বিবিসির রাহুল ট্যান্ডন।
কলকাতার বাজারের একজন মাছ বিক্রেতা সুখদেব দাস বলেন ,সবচেয়ে ভালো ইলিশ বাংলাদেশের ইলিশ। পশ্চিমবঙ্গের সব এলাকা থেকে বাজারে ইলিশ আসলেও সেগুলো আকারে বেশ ছোট।
তিনি বলেন, বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে কিন্তু সেগুলো আমেরিকা ইংল্যান্ডে চলে যাচ্ছে।
কলকাতার বাজারে একজন ক্রেতা বলছিলেন, তারা বাংলাদেশের ইলিশের অভাব বোধ করছেন। সে ক্রেতা জানালেন বাংলাদেশের ইলিশ এতটাই সুস্বাদু যে এটা বলার অপেক্ষা রাখেনা।
কলকাতার বাসিন্দারা মনে করেন, বাংলাদেশের ইলিশের স্বাদটাই অন্যরকম। এটার সাথে অন্য মাছের তুলনা চলেনা।
সেখানকার বাজারের একজন ক্রেতা বলছিলেন, " আমাদের কোন বন্ধু যদি বাংলাদেশে যায়, তখন আমরা তাদের বলি যে অন্তত কয়েকটা ইলিশ মাছ যেন নিয়ে আসে।"



