যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সেপ্টেম্বরের ফসল প্রতিবেদনে তথ্য প্রক্রিয়াকরণের ভুল নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাশনাল কর্ন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (এনসিজিএ)। সংগঠনটির নেতাদের অভিযোগ, এই ভুল মধ্যপশ্চিমের চাষিদের জন্য সবচেয়ে খারাপ সময়ে শস্যবাজারের ক্ষতি করেছে। খবরটি দিয়েছে মিশিগান এজি টুডে।
২৩ অক্টোবর ইউএসডিএর ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস সার্ভিস (নাস) স্বীকার করে, প্রযুক্তিগত এক ভুলে সেপ্টেম্বরে কানসাস ও নেব্রাস্কার ভুট্টার গাছের ঘনত্ব, মোচার সংখ্যা, ফলন ও উৎপাদনের তথ্য বিকৃত হয়েছিল, যার প্রভাব পড়েছিল মধ্যপশ্চিমের ১০ রাজ্যের গড় আর জাতীয় ফলনের পূর্বাভাসেও। সংস্থাটি সেপ্টেম্বরের হিসাব ঠিক করে নেব্রাস্কার ফলন একরপ্রতি ১৭৭ থেকে ১৮২ বুশেল আর দেশের গড় ১৭৮.৫ থেকে ১৭৮.৮ বুশেলে তুলেছে। তবে ৯ অক্টোবরের পূর্বাভাস, একরপ্রতি গড়ে ১৮১.২ বুশেল আর মোট ১,৬০০ কোটি বুশেল ফসল, যাচাইয়ের পর অপরিবর্তিত রেখেছে।
এনসিজিএর সভাপতি, মিশিগানের কৃষক ম্যাট ফ্রস্টিক (Matt Frostic) বলেন, নাসের সাম্প্রতিক প্রতিবেদনগুলো ভুট্টাচাষিদের শত শত কোটি ডলারের বাজারমূল্য কেড়ে নিয়েছে, এমন সময়ে যখন লাভ এমনিতেই সামান্য আর জ্বালানিসহ উপকরণের দাম সর্বকালের সর্বোচ্চে। এত বড় ভুল "অগ্রহণযোগ্য" এবং এতে সংস্থাটির প্রতিবেদনে কৃষকের আস্থা আরও কমবে বলে মন্তব্য করেন তিনি; ভুলের পেছনের প্রক্রিয়া খতিয়ে দেখারও দাবি জানান।
সংশোধনের পর অক্টোবরের বাজার-কাঁপানো বৃদ্ধিও নতুন চেহারা পেয়েছে। নেব্রাস্কার ফলন প্রথমে এক মাসে ১১ বুশেল বেড়ে ১৭৭ থেকে ১৮৮ হয়েছে বলা হয়েছিল; সংশোধিত ১৮২ বুশেলের হিসাবে বৃদ্ধি ৬ বুশেল। কিন্তু অক্টোবরের সংখ্যার পর যে দরপতন হয়েছিল, তা ফেরেনি; জাতীয় উৎপাদনের পূর্বাভাস ১,৬০০ কোটি বুশেলের ওপরে থাকায় ফিউচার্সের দাম নিচু, পূর্ব কর্ন বেল্টের গুদামগুলোও কম নগদ দাম দিচ্ছে।
উত্তর ইন্ডিয়ানা ও মিশিগানের থাম্ব অঞ্চলে অনেক খেতে ফলন গড় বা তার চেয়ে কিছুটা কম। কম দাম আর বীজ, সার ও জ্বালানির চড়া খরচের চাপে চাষিরা ভাবছেন, কম দামে মাঠ থেকেই বেচবেন নাকি শীত পর্যন্ত গুদামের খরচ বইবেন। ভবিষ্যতে হিসাবের ভুল ঠেকাতে আরও প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থা খতিয়ে দেখছে বলে জানিয়েছে নাস।
ছবি: Katrina Wiese / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: মিশিগান এজি টুডে





মন্তব্য
(০)