কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নে পরানখালী বাজারের সরকারি পশু হাসপাতালের সাবসেন্টারটি প্রায় ২০ বছর ধরে বন্ধ। চিকিৎসক, কর্মচারী ও সরঞ্জাম না থাকায় অচল এই কেন্দ্রে একসময় পরামর্শ, কৃত্রিম প্রজনন ও প্রাথমিক চিকিৎসা মিলত।
ইউনিয়নে এখন অনেক পোলট্রি ও ডেইরি খামার। পশু অসুস্থ হলে খামারিদের নিয়ে যেতে হয় উপজেলা সদরে। গবাদিপশু পালনকারী হাসান আলী বলেন, ‘এতে একদিকে ভোগান্তি বাড়ে, অন্যদিকে খরচও বেড়ে যায়।’ খামারি মিজানুর রহমান জানান, স্থানীয় পশু চিকিৎসক ডাকলে খরচ অনেক বাড়ে। এলাকাবাসীর অভিযোগ, যথাযথ চিকিৎসার অভাবে অনেক সময় প্রাণী মারা যায়।
স্থানীয়দের ভাষ্য, ভবনটি সংস্কারের অভাবে জরাজীর্ণ, চারপাশে সীমানাপ্রাচীর নেই, আসবাব, সরঞ্জাম ও ওষুধের সরবরাহও নেই।
ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারেক হাসান বলেন, সরকারিভাবে ৪৯৫ জন কৃত্রিম প্রজননকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে, লোকবল পেলে সেখানে কর্মী দেওয়া হতে পারে। সীমানাপ্রাচীর ও ভবন উন্নয়নের চাহিদাপত্রও দেওয়া হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন মণ্ডল কেন্দ্রটি পরিদর্শনের কথা জানিয়ে বলেন, সেখানে একজন স্বেচ্ছাসেবী থাকলেও সরকারি কর্মী নেই এবং চালু করতে সংস্কার ও ব্যয় লাগবে। তিনি দ্রুত চালুর আশা করছেন।
সূত্র: ইত্তেফাক



মন্তব্য
(০)