ঢাকার বনানীতে কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়কে ঢোকার মুখে গড়ে উঠছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি নগর বন। আয়তন প্রায় ১২ হাজার বর্গমিটার। বন বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ উদ্যোগ এই নভেম্বরেই উদ্বোধনের কথা।
ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার জানান, জায়গাটিতে একসময় আবর্জনা ছিল। গত জানুয়ারিতে কাজ শুরু হয়। প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ এটি, উদ্বোধনের পর দুই বছর পরিচর্যা করবে বন বিভাগ।
এখানে দেশি ফল, ফুল, ঔষধি, শোভাবর্ধক, কনিফার, গুল্ম ও কাঠজাতীয় মিলে ২২০ প্রজাতির গাছ রয়েছে। প্রাকৃতিক বনের মতো পরিবেশ তৈরি করতে দো-আঁশ মাটিতে ভার্মি কম্পোস্ট, কোকোডাস্ট, রাইস হাস্ক, বোনমিল ও জৈব সার মেশানো হয়েছে।
আঁকাবাঁকা হাঁটার পথ, ছোট জলাধার ও বসার জায়গা রাখা হয়েছে। ব্যাঙ, বেজি, পাখি ও কীটপতঙ্গের আশ্রয়ের কথা ভেবেই এ নকশা। পাশাপাশি বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ও ফুটপাতের পাশেও গাছ লাগানো হয়েছে।
শারমীন আক্তারের মতে, এই সবুজ নগরবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, সাধারণ বনের চেয়ে এমন নগর বন ১০ গুণ দ্রুত বাড়তে পারে এবং ৩০ গুণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে।
সূত্র: সমকাল


মন্তব্য
(০)