এ বছরের গ্রীষ্মের খরায় যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসন্তকালীন যব; জাতীয় ফলন পাঁচ বছরের গড়ের চেয়ে ১৭ শতাংশ কম। কৃষি ও উদ্যান উন্নয়ন বোর্ডের (এএইচডিবি) ২০২৬ সালের চূড়ান্ত ফসল অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য এসেছে।
বসন্তকালীন যবের গড় ফলন হেক্টরপ্রতি ৪.৮ টন। ওট গড়ের চেয়ে ১৪ শতাংশ কম, হেক্টরপ্রতি ৪.৬ টন; গম ১১ শতাংশ কম; শীতকালীন যব মোটামুটি গড়ের সমান, হেক্টরপ্রতি ৬.৯ টন। ব্যতিক্রম তেলবীজ রেপ (সরিষাজাতীয়), গড় ফলন হেক্টরপ্রতি ৪.০ টন, পাঁচ বছরের গড়ের চেয়ে প্রায় ১৯ শতাংশ বেশি।
জরিপের নমুনায় সব ফসল মিলিয়ে গড় ফলন হেক্টরপ্রতি ৬.৯ টন, জাতীয় পাঁচ বছরের গড়ের চেয়ে প্রায় ১১ শতাংশ কম; খামারভেদে ফলন ৩.৯ থেকে ১১.৫ টন পর্যন্ত।
এএইচডিবির দানাশস্য ও তেলবীজ বিভাগের প্রধান বিশ্লেষক হেলেন প্লান্ট বলেন, বসন্ত থেকে বৃষ্টি কম হওয়ায় ২০২৬ সালের ফসল আবারও খুব অসম হয়েছে। মাটির ধরন, বোনার সময়, আগের ফসল, স্থানীয় আবহাওয়া ও আর্দ্রতা ফলনে প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে; শস্যের মানও খুব অসম, যা সামনের মাসগুলোতে মজুত ও বিপণনে বাড়তি সমস্যা তৈরি করবে।
এএইচডিবির দানাশস্য ও তেলবীজ পরিচালক অ্যান্থনি হপকিন্স বলেন, "এটা টানা দ্বিতীয়, কোথাও কোথাও তৃতীয় কঠিন মৌসুম। উপকরণের উচ্চ দামের সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকেরা এখন তীব্র আর্থিক চাপে আছেন।"
স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে আরও ফসল কাটার পর গম, ওট ও বসন্তকালীন যবের ফলন কিছুটা বেড়েছে, তবে সামগ্রিক চিত্র অনেক চাষির জন্য এখনো কঠিন বলে জানিয়েছে এএইচডিবি।
ছবি: Dave Spicer / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: Farmers Weekly




মন্তব্য
(০)