রক্তে শর্করা নিয়ন্ত্রণে ফল ও ফলের রস খাওয়ার প্রভাব নিয়ে অনেকেরই উদ্বেগ রয়েছে। আস্ত ফল ও ১০০ শতাংশ ফলের রসে ভিটামিন, খনিজ এবং উদ্ভিজ্জ উপাদান থাকে। তবে রক্তে শর্করার ওপর এ দুটির প্রভাব এক নয়। এর একটি কারণ হলো, দুটির আঁশের পরিমাণে পার্থক্য।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে কোনটি ভালো?
রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে ফলের রসের চেয়ে আস্ত ফল খাওয়া ভালো। আস্ত ফল ও ফলের রস-দুটিতেই পলিফেনলের মতো উপকারী উদ্ভিজ্জ উপাদান থাকে। তবে রক্তে শর্করার ওপর এদের প্রভাব এক নয়। ফলের রসে আঁশ প্রায় থাকে না। অন্যদিকে, আস্ত ফলের আঁশ হজম ও শর্করা শোষণের গতি ধীর করে। ফলে রক্তে শর্করার মাত্রা তুলনামূলক কম বাড়ে।
তবে ফলের সঙ্গে অন্য কী খাবার খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। আস্ত ফল বা ফলের রসের সঙ্গে প্রোটিন কিংবা স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
আস্ত ফল রক্তে শর্করার ওপর কীভাবে প্রভাব ফেলে?
একটি ছোট আস্ত ফল বা আধা কাপ কুচি করা ফলে প্রায় ১৫ গ্রাম শর্করা থাকে। একা খেলে, বিশেষ করে খালি পেটে, এই পরিমাণ শর্করাও রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে।
তবে গবেষণায় দেখা গেছে, যাদের খাদ্যতালিকায় আস্ত ফলের পরিমাণ বেশি, তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলক কম। ফলের পুষ্টি উপাদান, আঁশ ও পানি শরীরে ফল শোষণের প্রক্রিয়ায় প্রভাব ফেলে।
এ ছাড়া অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ফলের আঁশ গাঁজন করে। এতে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যা শর্করার বিপাকে প্রভাব ফেলতে পারে।
ফলের রস রক্তে শর্করার ওপর কীভাবে প্রভাব ফেলে?
ফলের রসে সাধারণত পর্যাপ্ত আঁশ থাকে না। তাই এটি পান করার পর রক্তে শর্করার মাত্রা তুলনামূলক বেশি বাড়তে পারে।
এ ছাড়া আস্ত ফল খাওয়ার মতো পেট ভরা অনুভূতি ফলের রস পান করলে হয় না। পেট ভরা অনুভূতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা অনেক হরমোন রক্তে শর্করার নিয়ন্ত্রণেও প্রভাব ফেলে।
তবে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকির ওপর ফলের রসের প্রভাব নিয়ে গবেষণার ফল একরকম নয়।
১০০ শতাংশ নয়-এমন ফলের রসের তুলনায় ১০০ শতাংশ ফলের রস টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিতে প্রভাব ফেলে না।
১০০ শতাংশ ফলের রস ছাড়া অন্যান্য অনেক ধরনের রসে বাড়তি চিনি থাকে। টাইপ ২ ডায়াবেটিসের সঙ্গে এসব রসের সম্পর্ক বেশি হওয়ার কারণ হতে পারে এটি।
আস্ত ফল ও ১০০ শতাংশ ফলের রসের প্রভাব সরাসরি তুলনা করে আরও গবেষণা প্রয়োজন।
খাদ্যতালিকায় বেশি আস্ত ফল রাখার পরামর্শ
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে ফলের রসের বদলে আস্ত ফল বেছে নিন। তবে ফলের রস পান করতে চাইলে ১০০ শতাংশ ফলের রস বেছে নিন। পরিমাণও ৪ আউন্সের মধ্যে রাখুন।
তথ্যসূত্র: ভেরিওয়েল হেলথ
সূত্র: জাগো নিউজ ২৪

মন্তব্য
(০)