ওষুধের কারণে ত্বকে নানা প্রতিক্রিয়া হয়, যার বেশির ভাগ মৃদু। কিন্তু স্টিভেনস-জনসন সিনড্রোম বিরল অথচ প্রাণঘাতী একটি ওষুধজনিত প্রতিক্রিয়া, যাতে ত্বক ও মিউকাস মেমব্রেনের ব্যাপক ক্ষতি হয়। প্রথম আলোয় রোগটির কারণ, লক্ষণ ও চিকিৎসা ব্যাখ্যা করেছেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. পীযুষ পাল।
আক্রান্ত ত্বকের পরিমাণ দেখে রোগের ধাপ ঠিক হয়। শরীরের মোট ত্বকের ১০ শতাংশের কম আক্রান্ত হলে স্টিভেনস-জনসন সিনড্রোম, ১০-৩০ শতাংশ হলে এর সঙ্গে টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিসের মিশ্র অবস্থা, আর ৩০ শতাংশের বেশি হলে টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিস।
যেসব ওষুধে সাধারণত এটি হয়: সালফোনামাইড গোত্রের অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, সেফালোস্পোরিন ও ফ্লুরোকুইনোলন; খিঁচুনির ওষুধ কারবামাজেপিন, ফেনিটয়েন, ল্যামোট্রিজিন ও ফেনোবারবিটল; এবং নন-স্টেরয়ডাল প্রদাহনাশক ব্যথার ওষুধ, অ্যালোপিউরিনল ও নেভিরাপিন। তবে একই ওষুধে সবার প্রতিক্রিয়া হয় না।
নতুন ওষুধ শুরুর এক থেকে চার সপ্তাহের মধ্যে লক্ষণ দেখা দেয়। শুরুতে জ্বর, শরীরব্যথা, গলাব্যথা, কাশি ও দুর্বলতা থাকে। এরপর ত্বকে লালচে বা বেগুনি দাগ, ফোসকা, ত্বকের ওপরের স্তর উঠে যাওয়া ও তীব্র জ্বালা হয়। মুখে ঘা, ঠোঁটে রক্তক্ষরণযুক্ত ক্ষত, চোখ লাল হয়ে ব্যথা এবং যৌনাঙ্গে ঘা এ রোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
ডা. পীযুষ পাল বলেন, স্টিভেনস-জনসন সিনড্রোম একটি মেডিকেল ইমার্জেন্সি। রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়, গুরুতর হলে আইসিইউ বা বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসা লাগতে পারে। চিকিৎসার মধ্যে আছে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রাখা, ত্বক ও ক্ষতের পরিচর্যা, ব্যথা নিয়ন্ত্রণ ও পুষ্টি নিশ্চিত করা এবং চোখ আক্রান্ত হলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ।
প্রতিরোধে তাঁর পরামর্শ, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া এবং নতুন ওষুধ শুরুর পর অস্বাভাবিক র্যাশ, জ্বর বা মুখে ঘা দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেওয়া।
সূত্র: প্রথম আলো

মন্তব্য
(০)