সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৪ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৬ কিমি/ঘ

‘ব্ল্যাক রাইস ও ব্ল্যাক গার্লিক’ চাষ করে আল-জায়েদের বাজিমাত

সিরাজগঞ্জের কাজীপুরের চকপাড়া গ্রামে প্রায় ১০ বিঘা জমিতে সমন্বিত খামার গড়েছেন অণুজীববিদ্যার স্নাতক ২৬ বছরের আল-জায়েদ; ব্ল্যাক রাইস ও গাঁজন প্রক্রিয়ায় তৈরি ব্ল্যাক গার্লিক বিক্রি করছেন ফেসবুক পেজ থেকে।

২৬ বছর বয়সী আল-জায়েদ পড়াশোনা শেষ করেছেন অণুজীববিদ্যায়। চাকরির পেছনে না ছুটে শুরু করেছেন পুষ্টিগুণে সমৃদ্ধ 'ব্ল্যাক রাইস' চাষ। পাশাপাশি প্রাকৃতিকভাবে ফারমেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ায় তৈরি করছেন সুপারফুড নামে পরিচিত 'ব্ল্যাক গার্লিক'। নিজ হাতে উৎপাদিত ও প্রক্রিয়া করা এসব পণ্য ঘরে বসেই 'ইউবিজেড অ্যাগ্রো' নামের একটি ফেসবুক পেজ থেকে বিক্রি করছেন। গ্রাহকের সাড়াও পাচ্ছেন আশাব্যঞ্জক।

জমিতে ফসল নির্বাচন, চাষের পরিকল্পনা ও ব্যবস্থাপনার পুরো অংশ নিজেই দেখাশোনা করেন জায়েদ। তবে জমিতে নিয়মিত পরিচর্যা, সেচ, পণ্য প্যাকেজিং, অর্ডার সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব পালন করেন তার বাবা ও ১০-১২ জন শ্রমিক।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে প্রায় ১০ বিঘা জমিতে এই সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন আল-জায়েদ। তবে তার এ অবস্থান একদিনে তৈরি হয়নি। খামার গড়ার মূলধন বলতে কিছুই ছিল না তার। রাজধানীতে পড়াশোনার সুবাদে হোম টিচিং ও প্রাইভেট পড়িয়ে কিছু মূলধন জোগাড় করে নিজের স্বপ্নকে বাস্তবে আজ রূপ দিয়েছেন তিনি। মাত্র দেড় বছরে আর্থিকভাবে সফলতাও আসতে শুরু করেছে। তার সমন্বিত কৃষি খামার এখন শুধু ব্যবসায়িক সফলতার গল্প নয়, আশপাশের তরুণদের কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণার কেন্দ্র।

অণুজীববিদ্যা পড়ে কৃষি উদ্যোক্তা

আল-জায়েদের বাবা মোক্তাল হোসেন পেশায় একজন স্কুলশিক্ষক। দুই বোনের মধ্যে তিনি মেজ। ২০২৪ সালে অণুজীববিদ্যা বিভাগ থেকে স্নাতক শেষের পর চাকরির পেছনে না ছুটে গড়ে তোলেন 'ইউবিজেড অ্যাগ্রো' নামের একটি কৃষি খামার। পৈতৃক ৯ বিঘা জমির সঙ্গে আরও এক বিঘা জমি বর্গা নিয়ে কৃষিকাজ করছেন তিনি। সৃষ্টি করেছেন ১০-১২ জন লোকের কর্মসংস্থান।

সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে কাজীপুর উপজেলার চকপাড়া গ্রাম। সম্প্রতি খামার ঘুরে দেখা যায়, বসতভিটার পাশেই তার কৃষি খামার। জমিতে আল-জায়েদসহ ৪-৫ জন শ্রমিক ভিয়েতনামের পাকা 'ব্ল্যাক রাইস' কাটছেন। মাড়াই যন্ত্র বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা দুজন। খামারে 'ব্ল্যাক রাইস' ছাড়াও কলা, জিরা, পেঁপে, মরিচ, আদা, রসুন ও লাউসহ নানান ফসল উৎপাদন করছেন এই তরুণ উদ্যোক্তা।

খামারে রয়েছে তার আধুনিক কৃষিযন্ত্র। অনলাইনে পাওয়া অর্ডার অনুযায়ী দেশের বিভিন্ন জেলা ছাড়িয়ে ইউরোপেও ব্ল্যাক রাইস ও ব্ল্যাক গার্লিক পাঠানো হচ্ছে। আবার মাঝে মাঝে ড্রোনের সাহায্যে ঘরে বসেই প্রকল্প এলাকায় চোখ বোলান আল-জায়েদ।

খামারের প্রকল্পগুলো বিভিন্ন সময় ঘুরে দেখেছেন কাজীপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন আলম। তিনি জাগো নিউজকে বলেন, 'আল-জায়েদ তার খামারে ব্ল্যাক রাইস চাষ ছাড়াও নিরাপদ খাদ্য ও সবজি উৎপাদন করেন। আমরা কৃষি বিভাগ থেকে তাকে নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।'

ক্যাম্পাস থেকেই উদ্যোক্তা হওয়ার ঝোঁক

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই নিজের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়েন আল-জায়েদ। রাজধানীতে শুরু করেন বাসাবাড়িতে প্রাইভেট পড়ানো। প্রথমে শিক্ষার্থী পেতে কিছুটা বেগ পেতে হলেও তার পাঠদান ও সরলতায় অভিভাবক ও শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ে। অল্প সময়ের মধ্যেই একজন ভালো প্রাইভেট শিক্ষক হিসেবে সুনাম কুড়ান। নিজের উপার্জিত এ আয় থেকে কিছু অংশ প্রত্যেক মাসে বাড়িতে পাঠাতেন। এতে মা-বাবাও বেশ আনন্দিত হতেন। তাদের ওই আনন্দ নতুন আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আল-জায়েদকে আরও অনুপ্রাণিত করে। আর সেই থেকেই তিনি স্বপ্ন দেখেন পড়াশোনা শেষে চাকরি নয়, তিনি হবেন কৃষি উদ্যোক্তা। যার মাধ্যমে শুধু নিজের নয়, অন্যেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তার ভাবনায় আসে অনলাইন যুগে নিরাপদ কৃষিপণ্য নিয়ে।

২০২৪ সালে শেষ হয় পড়াশোনা। সহপাঠীরা যখন ছুটছিল চাকরির পিছে, তখন তিনি দেশে প্রথমবারের মতো শুরু করেন দেশীয় রসুনকে গাঁজন প্রক্রিয়ায় ব্ল্যাক গার্লিকে রূপান্তর। শুরু করেন ফেসবুকে 'ইউবিজেড অ্যাগ্রো' নামে একটি পেজ খুলে অনলাইনে বিক্রি। গ্রাহকের বেশ সাড়া পেয়ে পণ্যের তালিকায় যুক্ত করেন ভিয়েতনামী 'ব্ল্যাক রাইস'।

আল-জায়েদ জাগো নিউজকে বলেন, 'অণুজীব বিদ্যায় পড়াশোনা শেষ করলেও কৃষির প্রতি আমার একটা আলাদা টান রয়েছে। আমি সব সময় চেয়েছি ছোট হলেও নিজে কিছু করে সেখানে অন্যদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রুটিরুজির ব্যবস্থা করার। সেটা কিছুটা হলেও বাস্তবে রূপ নিয়েছে। বর্তমানে নিজ এলাকা সিরাজগঞ্জ ও ঢাকায় ১০-১২ জন লোক আমার আন্ডারে নিয়মিতভাবে কাজ করছেন। অবশ্য অনলাইন বাজারে দুটি পণ্যেই ভালো সাড়া পাচ্ছি। সব খরচ বাদে যা থাকছে, সেটা আলহামদুলিল্লাহ।'

পরিবারের স্বপ্নপূরণ

২০২৪ সালে স্নাতক শেষ করে পুরোপুরি কৃষিভিত্তিক পণ্য নিয়ে অনলাইন ব্যবসায় মনোযোগ দেন আল-জায়েদ। শুরুতে সবচেয়ে বড় বাধা ছিল মূলধনের অভাব। তখনই মাথায় আসে বাবার কৃষিজমির আধুনিক ও সঠিক ব্যবহার। এ বিষয়ে গভীরভাবে জানতে বাবা ও কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ নেওয়া শুরু করেন জায়েদ। এতে সম্মতি দেন বাবা মোক্তাল হোসেন। শুরু করেন ব্ল্যাক রাইস চাষ। দাম ও ভালো ফলন পেয়ে খুশি পুরো পরিবার।

আল-জায়েদের বাবা মোক্তাল হোসেন জাগো নিউজকে বলেন, 'আমার একটিমাত্র ছেলে। মেয়ে দুটো বিয়ে দিয়েছি। ভেবেছিলাম ছেলেটা পড়াশোনা শেষ করে সরকারি অথবা বেসরকারি চাকরি করবে। কিন্তু ছেলের স্বপ্ন চাকরি নয়, সে কৃষি উদ্যোক্তা হবে। এতে আমি আর বাধা দেয়নি, বরং উৎসাহ দিয়েছি। এখন ছেলে নিজের পাশাপাশি আরও ১০-১২ জনের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে।'

অনুপ্রেরণার নাম আল-জায়েদ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েল আল-নাবিল (২২) জাগো নিউজকে বলেন, "ফেসবুকে আল-জায়েদ ভাইয়ের কৃষিভিত্তিক বিভিন্ন পোস্ট দেখেই তার সঙ্গে কাজের আগ্রহ তৈরি হয়েছিল। যদিও কৃষির প্রতি আগ্রহ তার আগে থেকেই ছিল। হঠাৎ একদিন ঢাকা থেকে 'ইউবিজেড অ্যাগ্রো' কৃষি খামারে ঘুরতে যাই। সেখানে গিয়ে দেখি আল-জায়েদ ভাই ভিয়েতনামী ব্ল্যাক রাইস চাষ করছেন। নিজের উৎপাদিত এই চাল তিনি অনলাইনের মাধ্যমে বিক্রি বিক্রি করেন। শুরুতে ভেবেছিলাম কালো চালগুলো তিনি হয়তো অন্যত্র থেকে সংগ্রহ করেন। কিন্তু না, তিনি নিজেই উৎপাদন করেন। এসব দেখে তার সঙ্গে কাজের আগ্রহ আরও বেড়ে যায়।"

তিনি বলেন, "মাসিক বেতনে 'ইউবিজেড অ্যাগ্রো' ফেসবুক পেজের মাধ্যমে ব্ল্যাক রাইস ও ব্ল্যাক গার্লিক অর্ডার নেওয়া ও কুরিয়ার করার কাজ করি। তবে, এখানে বেতন বড় ব্যাপার নয়, আমি শুধু তার সেই স্বপ্নপূরণে সহায়তা ও নিজে কিছু শেখার চেষ্টা করছি।"

এখনো বাকি স্বপ্ন ছোঁয়ার

অণুজীববিদ্যায় পড়াশোনা শেষ করে কৃষি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত শুরুতে পরিবার সহজভাবে নেয়নি। গ্রামবাসীর কাছ থেকেও নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে গ্রামের অনেকের কাছে আল-জায়েদ এখন অনুপ্রেরণা।

স্থানীয় কৃষক আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, 'আল-জায়েদ লেখাপড়া শেষ করে বিদেশি কালো ধানের আবাদ করছে। সেগুলো নিজেই ঢেঁকিতে মাড়াই করে ৩৫০ টাকা কেজি ধরে অনলাইনে বিক্রি করে। শুধু এই কালো চাল না, কালো ধানের বীজ ও কালো রসুনও অনলাইনে বিক্রি করে। আল-জায়েদ এখন আমাদের জন্য গর্বের।'

আল-জায়েদ জাগো নিউজকে বলেন, সবাই মনে করেছিল আমি কৃষিকাজ পারব না। কিন্তু আমি এটাকে ভালো লাগার পাশাপাশি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। পৈতৃক জমিগুলোও বাবার কাছ থেকে নিয়ে চাষ করছি। অবশ্য এখন বাবার আগ্রহই সবচেয়ে বেশি। সবচেয়ে বড় কথা, আমার পরিবার আমার ওপরে আস্থা রেখেছিল। ভবিষ্যতে 'ইউবিজেড অ্যাগ্রো' প্রকল্প আগামীতে আরও প্রসারিত করার পাশাপাশি কৃষিভিত্তিক পর্যটন গড়ে তোলার স্বপ্নের কথা জানান এই কৃষি উদ্যোক্তা।

তরুণ এই উদ্যোক্তার মতে, কৃষি এখন শুধু জীবিকার মাধ্যম নয়, বরং শিক্ষিত তরুণদের জন্য সম্ভাবনাময় উদ্যোক্তা হওয়ার ক্ষেত্র। তবে এ খাতে নতুনদের এগিয়ে আসতে সরকারি সহযোগিতা প্রয়োজন।

তিনি জাগো নিউজকে বলেন, গ্রাম পর্যায়ের কৃষি কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করলেও নতুন উদ্যোক্তা হিসেবে আশানুরূপ সহযোগিতা পান না। গ্রামের অনেক মানুষ এখনো আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখেন না। তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, সঠিক পরামর্শ ও সরকারি ভর্তুকি দেওয়া হলে কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করা সম্ভব।

আল-জায়েদের প্রশংসা করে স্থানীয় স্কুলশিক্ষক জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, 'আমি ওর ফেসবুক পোস্ট মাঝেমধ্যেই দেখি। বিষয়টি আমার ভালো লাগে। এখনকার অনেক ছেলেমেয়ে কৃষিকাজকে ছোট করে দেখে। অথচ শিক্ষিত তরুণদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের কৃষিতে এগিয়ে আসা দরকার।'

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক চর্চায় দুর্যোগের পর দ্রুত ঘুরে দাঁড়াচ্ছেন উপকূলের কৃষকেরা

কারিতাস বাংলাদেশের উদ্যোগে পরিচালিত গবেষণা বলছে, কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক চর্চায় যুক্ত উপকূলের পরিবারগুলো দুর্যোগের পর তুলনামূলক দ্রুত কৃষিকাজে ফিরছে; তাদের ৭৩ শতাংশ দুর্যোগের পর নিজেদের সঞ্চয় ব্যবহার করেছে।

সমকাল২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, আমন মৌসুমে ধান সংগ্রহ করতে হবে সরাসরি কৃষকের কাছ থেকে, মধ্যস্বত্বভোগীর কাছ থেকে নয়।

জাগো নিউজ ২৪২৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
দৈনন্দিন

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

ধান ভানা ও চাল-গম গুঁড়া করার কাঠের ঢেঁকি একসময় প্রায় প্রতিটি গ্রামে দেখা যেত; যন্ত্রচালিত ধানকল, রাইস মিল ও গ্রাইন্ডার আসায় সেই ঢেঁকি এখন হারিয়ে যাচ্ছে।

জাগো নিউজ ২৪২৪ নভেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

(০)