ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চারদিকে হালকা অন্ধকারে ঢাকা, মোরগ ও পাখির কলকাকলিতে জেগে উঠছে গ্রাম। এরই মধ্যে কোনো এক বাড়ির উঠান থেকে ভেসে আসছে ঢেঁকির ছন্দময় শব্দ-'ঠক ঠক, ঠক ঠক'। সেই শব্দে মুখর হয়ে উঠত গ্রামবাংলার সকাল। বাড়ির বধূরা দল বেঁধে ঢেঁকিতে ধান ভানছেন, কেউ চাল আলাদা করছেন, আবার কেউ তৈরি করছেন চাল ও গমের আটা। ঢেঁকির তালে তালে চলতো কাজ, আর ফাঁকে ফাঁকে জমে উঠত গল্প ও আড্ডা। একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি বাড়িতেই ছিল এমন পরিচিত দৃশ্য। তবে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে সেই চিরচেনা চিত্র।
ঢেঁকি মূলত কাঠের তৈরি এক ধরনের প্রাচীন কৃষি উপকরণ। এর এক প্রান্তে ভারী কাঠের মুষল বা গুঁতা এবং অপর প্রান্তে পা রাখার জায়গা থাকে। মাঝখানে একটি ভরকেন্দ্রের সাহায্যে এটি ওঠানামা করে। পা দিয়ে চাপ দিলে ঢেঁকির ভারী অংশটি ওপরে উঠে যায়, আর পা ছেড়ে দিলে তা নিচে নেমে ধান বা শস্যের ওপর আঘাত করে। এভাবেই ধান থেকে চাল, চাল থেকে গুঁড়া কিংবা গম থেকে আটা তৈরি করা হতো।
একসময় গ্রামীণ নারীদের দৈনন্দিন জীবনে ঢেঁকি ছিল অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ। প্রতিটি গ্রামেই কোনো না কোনো বাড়িতে ঢেঁকি দেখা যেত। অনেক বাড়িতে প্রতিবেশীরাও ঢেঁকিতে নিজেদের কাজ সারতে আসতেন। কোথাও আবার ঢেঁকিতে ধান ভানা ছিল নারীদের আয়ের উৎস। ধান ভানার বিনিময়ে কেউ পেতেন চাল, কেউ পেতেন নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক। বিশেষ করে আমন ধান ঘরে তোলার পর কিংবা নতুন চাল দিয়ে পিঠা তৈরির মৌসুমে ঢেঁকির ব্যস্ততা বেড়ে যেত। কোনো কোনো বাড়িতে ঢেঁকি ব্যবহারের জন্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগে থাকতো।
অনেক গেরস্ত বাড়িতে ভোররাত থেকেই শুরু হতো ঢেঁকিতে ধান ভানার ব্যস্ততা। জমিতে কাজ করতে আসা শ্রমিকদের সকালের খাবারের জন্য চাল প্রস্তুত করতে বাড়ির বধূরা ঘুম থেকে উঠেই ঢেঁকিতে পাড় দিতে শুরু করতেন। একজন ঢেঁকিতে পাড় দিতেন, অন্যজন ধান উল্টে দিতেন কিংবা চাল থেকে তুষ আলাদা করতেন। চাল প্রস্তুতের পর রান্নাঘরে চলত শ্রমিকদের জন্য ভাত ও তরকারি তৈরির আয়োজন। এভাবেই কৃষি পরিবারগুলোতে গ্রামীণ জীবনের কর্মব্যস্ত সকাল শুরু হতো।
এছাড়া বিয়ে, ঈদ কিংবা পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের আগে ঢেঁকিতে চাল ও গম ভাঙার ধুম পড়ে যেত। অনেক পরিবারে আয়োজনের কয়েকদিন আগে থেকেই বাড়ির নারীরা এসব কাজে ব্যস্ত সময় পার করতেন। হেমন্ত শুরু হওয়ার পর থেকেই নতুন চালের গুঁড়া দিয়ে চিতই, ভাপা, পুলি, পাটিসাপটাসহ নানা ধরনের শীতের পিঠা তৈরি করা হতো।
শুধু ধান ভানা বা আটা তৈরি নয়, ঢেঁকির সঙ্গে জড়িয়ে ছিল গ্রামীণ নারীদের সামাজিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা। ধান ভানা বা আটার তৈরি কাজের ফাঁকে চলত গল্প, হাসি-আড্ডা ও সুখ-দুঃখের কথা। কখনো সংসারের গল্প, কখনো সন্তানদের বেড়ে ওঠা, আবার কখনো প্রতিবেশীর নানা খবর নিয়ে জমে উঠত আড্ডা। এভাবেই ঢেঁকি হয়ে উঠেছিল গ্রামীণ নারীদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে গ্রামবাংলার চিত্র। ধান ভানা ও শস্য গুঁড়া করার কাজে জায়গা করে নিয়েছে আধুনিক যন্ত্রচালিত ধানকল, রাইস মিল ও বিভিন্ন ধরনের গ্রাইন্ডার। আগে যে কাজ করতে কয়েকজন মানুষের দীর্ঘ সময় লাগত, এখন যন্ত্রের সাহায্যে অল্প সময়েই তা করা সম্ভব হচ্ছে। বাড়ির কাছেই ধানকল থাকায় মানুষ সহজেই ধান ভানিয়ে চাল তৈরি করতে পারছেন। একইভাবে চাল কিংবা গমের আটা তৈরির জন্যও এখন আর ঢেঁকির ওপর নির্ভর করতে হচ্ছে না।
অনেক বাড়িতে একসময় ব্যবহৃত ঢেঁকি এখন অবহেলায় পড়ে আছে। কোথাও পুরোনো ঢেঁকির কাঠ পচে নষ্ট হয়ে গেছে, আবার কোথাও প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় খুলে ফেলা হয়েছে। ফলে গ্রামবাংলায় আগের মতো আর ঢেঁকির দেখা মেলে না। কোনো কোনো বাড়িতে এখনো ঢেঁকি থাকলেও সারা বছর এর ব্যবহার হয় না বললেই চলে। বিশেষ করে কোনো প্রয়োজনে বা শীতকালে পিঠা তৈরিতে চালের গুঁড়া করতে ঢেঁকি ব্যবহার করা হয়। এরপর আবার দীর্ঘ সময়ের জন্য পড়ে থাকে বাড়ির কোনো এক কোণে। একসময় যে ঢেঁকির ছন্দময় শব্দে মুখর থাকত গ্রামের সকাল, আজ তা অনেক বাড়িতেই নীরব পড়ে আছে।
ঢেঁকিকে ঘিরে জড়িয়ে আছে কয়েক প্রজন্মের স্মৃতি, নারীদের শ্রম, পারিবারিক বন্ধন ও গ্রামীণ অর্থনীতির নানা গল্প। আধুনিকতার অগ্রযাত্রায় মানুষের জীবন সহজ হওয়া অবশ্যই ইতিবাচক। প্রযুক্তির ব্যবহার কমাতে হবে, এমনটিও নয়। তবে উন্নয়নের ধারায় নিজেদের শেকড় ও ঐতিহ্যকে হারিয়ে গেল চলবে না। তাই গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা ও সংরক্ষণে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। একইসঙ্গে সামাজিকভাবে সচেতনতা তৈরি করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঢেঁকির ইতিহাস, ব্যবহার ও ঐতিহ্য তুলে ধরতে হবে।
সূত্র: জাগো নিউজ ২৪



মন্তব্য
(০)