ভর্তুকিমূল্যে নিত্যপণ্য বিক্রির সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে নিতে চায়। মজুত বাড়ানো, সরবরাহ ব্যবস্থাপনা শক্ত করা এবং ভোক্তার কাছে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য, বাসসকে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তা প্রায় ৭৫ হাজার টনে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামও বাড়ানো হচ্ছে; দীর্ঘমেয়াদি এক লাখ টনের লক্ষ্য বাস্তবায়নের কাজ আগামী বছর শুরুর কথা।
বাফার স্টক বা আপৎকালীন মজুত বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা ঠিক করতে একটি সম্ভাব্যতা সমীক্ষাও শুরু হয়েছে, যা শেষ হতে প্রায় এক বছর লাগতে পারে। বাজারে চাহিদার আকস্মিক পরিবর্তন, পণ্য সংগ্রহে দেরি বা সরবরাহে বিঘ্ন হলে সামাল দেওয়ার মতো মজুত রাখাই উদ্দেশ্য।
টিসিবি তার নিয়মিত ভর্তুকিমূল্যের বিক্রির জন্য অন্তত এক মাসের বিতরণ চাহিদার সমান মজুত রাখতে চায়, পরিচালনার প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ সংরক্ষণের কথাও বিবেচনায় আছে। উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ ও বিতরণের সময়সূচির ওপর গুদামের চাহিদা নির্ভর করে।
রমজানের মতো মৌসুমে নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়; তখন বাজার স্বাভাবিক রাখতে আগাম সংগ্রহ ও সংরক্ষণ লাগে। গুদাম বাড়লে টিসিবি আগেভাগে বেশি পণ্য কিনে প্রয়োজনমতো ট্রাকসেলসহ নিয়মিত বিক্রিতে ছাড়তে পারবে, যা ভোক্তা ও বাজার দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।
সূত্র: বাসস



মন্তব্য
(০)