শীত নামার সঙ্গে সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম তহবিলের তীব্র ঘাটতি ও প্রবেশে অব্যাহত বিধিনিষেধের কারণে হুমকির মুখে পড়েছে বলে ১৭ নভেম্বর সতর্ক করেছে জাতিসংঘের দুই সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থা দুটির হিসাবে, গাজায় ১৭ লাখের বেশি মানুষ এখনও বাস্তুচ্যুত, ১৪ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে এবং ১৯ লাখ ৮০ হাজার মানুষের আশ্রয় সহায়তা দরকার।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজার জনসংখ্যার দুই-তৃতীয়াংশ এখনও চরম মাত্রার ক্ষুধায় ভুগছে। তহবিলের ঘাটতিতে সংস্থাটি ইতিমধ্যে সহায়তা কমাতে বাধ্য হয়েছে: গরম খাবার এখন একদিন পরপর দেওয়া হচ্ছে, খাদ্যের প্যাকেট ও নগদ সহায়তাও কাটছাঁট করা হয়েছে। সংস্থা দুটির ভাষ্য, সাম্প্রতিক সময়ে খাদ্য নিরাপত্তায় যে উন্নতি দেখা গিয়েছিল তা ভঙ্গুর, কারণ তা এসেছে মূলত মানবিক সহায়তা থেকে, জীবিকা, বাজার বা স্থানীয় খাদ্যব্যবস্থা ঘুরে দাঁড়ানোর ফলে নয়। কঠোর শীত আশ্রয় ও খাদ্যের মজুত নষ্ট করে সেই অর্জন উল্টে দিতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় পরিবারগুলোর ঘরে রাখা খাবার নষ্ট হয়েছে, আর পয়োবর্জ্যের দূষণ খাদ্যের নিরাপত্তা ও স্বাস্থ্যের বাড়তি ঝুঁকি তৈরি করছে। রান্নার গ্যাস ও জ্বালানি কাঠ দুষ্প্রাপ্য ও সাধ্যের বাইরে হওয়ায় অনেক পরিবার আবর্জনা পুড়িয়ে রান্না করছে। ৮০ শতাংশ মানুষ বেকার থাকায় হারানো খাবার পূরণ করা বা বাজার থেকে পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য খুব কম পরিবারেরই আছে।
ডব্লিউএফপির হিসাবে, ফিলিস্তিনজুড়ে ২০ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছাতে আগামী ছয় মাসে সংস্থাটির ৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঘাটতি রয়েছে। সর্বশেষ সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় শ্রেণিবিন্যাস (আইপিসি) মূল্যায়ন উদ্ধৃত করে সংস্থাটি বলেছে, মানবিক সহায়তা অব্যাহত না থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ গাজার ১৯ লাখ মানুষ, অর্থাৎ জনসংখ্যার ৯০ শতাংশ, তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। ডব্লিউএফপির ফিলিস্তিন কান্ট্রি ডিরেক্টর শন হিউজ বলেন, "গাজার পরিবারগুলো সামনের দীর্ঘ শীতের প্রথম নির্ঘুম রাতগুলো পার করছে।" তাঁর সতর্কবার্তা, এখনই সহায়তা না বাড়ালে আশ্রয়ের সংকট খাদ্য নিরাপত্তার আরও গভীর সংকটে রূপ নিতে পারে।
আশ্রয়ের বিষয়ে আইওএম জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে আরও অন্তত ৪০ হাজার আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে, আর সংস্থার মজুত দ্রুত ফুরিয়ে আসছে। তাঁবু, ত্রিপল, কম্বল ও মেরামতের সামগ্রীসহ আশ্রয় কার্যক্রম চালিয়ে যেতে আইওএমের ১৭ কোটি ৩০ লাখ ডলার প্রয়োজন। গাজায় বাস্তুচ্যুত মানুষের ১,৭০০টি শিবিরের অর্ধেকের বেশি বন্যাপ্রবণ এলাকায়, আর মানুষকে ভূখণ্ডের ৪০ শতাংশেরও কম জায়গায় থাকতে হচ্ছে। বেশির ভাগ শিবিরে বালুর বস্তা এবং ৪০ শতাংশের বেশিতে পানি নিষ্কাশন ও মাটি উঁচু করার কাজ দরকার; নালা, আলো ও উষ্ণতা নেওয়ার সামাজিক কেন্দ্রের মতো কাজে আরও ৯০ লাখ ডলার জরুরি ভিত্তিতে প্রয়োজন। আইওএমের আঞ্চলিক সংকট সমন্বয়ক কার্ল বেকার বলেন, বাস্তুচ্যুত পরিবারগুলোর দরকার "এমন আশ্রয় যেখানে পানি ঢুকবে না", শিশুদের রক্ষায় কম্বল ও কাপড় এবং গরম খাবার রান্নার জ্বালানি।
পণ্য পৌঁছানোর সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছে সংস্থা দুটি। গাজায় মানবিক ও বাণিজ্যিক পণ্য প্রবেশের একমাত্র অনুমোদিত পথ কেরেম শালোম/কেরেম আবু সালেম ক্রসিং, ফলে পরিবহনে সময় ও খরচ দুটোই বাড়ছে; উত্তর-দক্ষিণের প্রধান সড়কে বিধিনিষেধ সমস্যা আরও বাড়িয়েছে। পানির পাম্প, যন্ত্রাংশ, হিটার, জ্বালানি, ইঞ্জিন অয়েল, ভারী যন্ত্রপাতি ও কাঠের মতো শীতকালীন কাজের জরুরি সামগ্রী এখনও দেরিতে পৌঁছাচ্ছে বা প্রবেশে বাধার মুখে পড়ছে। তথ্যগুলো জেনেভা ও রোম থেকে প্রকাশিত আইওএম ও ডব্লিউএফপির যৌথ সংবাদ বিজ্ঞপ্তির।
ছবি: Foreign, Commonwealth & Development Office / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)
সূত্র: ডব্লিউএফপি





মন্তব্য
(০)