কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক কৃষিচর্চায় যুক্ত উপকূলের কৃষকেরা দুর্যোগের পর তুলনামূলক দ্রুত কৃষিকাজ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন। কারিতাস বাংলাদেশের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) মিলনায়তনে ‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক জাতীয় সেমিনারে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
গবেষণায় দেখা গেছে, প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠবিদ্যালয় কার্যক্রমে অংশ নিয়েছেন এবং ৯৭ শতাংশ পরিবারের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল। প্রকল্পের বাইরের পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৪ শতাংশ।
দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রকল্পভুক্ত ৭৩ শতাংশ পরিবার নিজেদের সঞ্চয় ব্যবহার করেছে। বিপরীতে প্রকল্পের বাইরে থাকা ৫৪ শতাংশ পরিবার ঋণ বা বাকির ওপর নির্ভর করেছে। গবেষণা বলছে, যুক্ত কৃষকেরা ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় কৃষিপদ্ধতির পরিবর্তন এবং আয়ের উৎস বহুমুখীকরণেও বেশি উদ্যোগী হচ্ছেন।
গবেষণার ফলাফল উপস্থাপন করেন অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইকেল হাউজার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বার্কের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের কর্মসূচি পরিচালক অপূর্ব ম্রং, স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ।
প্যানেল আলোচনায় সাবেক উপদেষ্টা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তন এখন দুর্যোগে পরিণত হয়েছে, এ পরিস্থিতিতে কৃষিবীজ সংরক্ষণের গুরুত্ব বেড়েছে। তাঁর কথা, কৃষকদের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে হবে এবং কৃষকের বীজ কৃষকের কাছেই নিরাপদ রাখতে হবে।
সূত্র: সমকাল


মন্তব্য
(০)