শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের কৃষক সেন্টু চন্দ্র হাজং (৫৫) গত ২১ বছরে ২৫ ধরনের দেশীয় জাতের নতুন ধান উদ্ভাবন করেছেন। উদ্ভাবনের অপেক্ষায় রয়েছে আরও প্রায় শতাধিক জাত। তাঁর উদ্ভাবিত ‘সেন্টু পাইজাম’ জেলাজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
কৃষক পরিবারে বেড়ে ওঠা সেন্টু হাজং নব্বইয়ের দশকে এসএসসি পাস করার পর অর্থের অভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তিনি জানান, ২০০৫ সালে স্থানীয় একটি এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ধানের জাত নিয়ে পরীক্ষামূলক কাজ শুরু করেন। নতুন জাত তৈরি করে সেটি যাচাই করতে তাঁর সময় লেগেছে সাত-আট বছর। সাত বছরের চেষ্টায় তাঁর প্রথম সফল উদ্ভাবন ‘সেন্টু শাইল’, এরপর ‘সেন্টু পাইজাম’।
নিজের ১২ কাঠা জমিতে বর্তমানে ৪০টি পরীক্ষামূলক প্লট তৈরি করেছেন তিনি। হারিয়ে যাওয়া বেশ কিছু দেশি ধানের জাত সংরক্ষণেও কাজ করছেন। চলতি আমন মৌসুমে শত শত কৃষক সেন্টু পাইজাম ও সেন্টু শাইল আবাদ করেছেন। এলাকার কৃষক হাবিল উদ্দিন জানান, তিনি এক একর জমিতে সেন্টু পাইজাম লাগিয়েছেন এবং পাঁচ বছর ধরে প্রতিবছর এই ধান চাষ করছেন; ভাত চিকন ও সুস্বাদু।
সেন্টু হাজং বলেন, দেশি ধানের অনেক জাত হারিয়ে যেতে বসেছে, অথচ এসব ধানের আলাদা স্বাদ ও বৈশিষ্ট্য রয়েছে এবং পোকার আক্রমণও তুলনামূলক কম। তিনি বলেন, এখনো কোনো সরকারি সহযোগিতা বা স্বীকৃতি পাননি, কোনো পরীক্ষাগারও নেই, তাই প্যাকেট করে বীজধান বাজারে বিক্রি করতে পারেন না।
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, সেন্টু হাজং প্রশংসনীয় কাজ করেছেন, উপজেলা কৃষি বিভাগ তাঁকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। তাঁর উদ্ভাবিত জাতের প্রত্যয়ন পেতে তিনি জাতীয় বীজ প্রত্যয়ন বোর্ডে আবেদন করতে পারেন।
প্রতিবেদন: নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা, ইত্তেফাক।
সূত্র: ইত্তেফাক


মন্তব্য
(০)