বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় ভাত যেন অবিচ্ছেদ্য একটি অংশ। তবে ভাত রান্না করতে গিয়ে অনেক সময়ই ছোট্ট একটি ভুলে পুরো রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। কখনো ভাত শক্ত থেকে যায়, আবার কখনো অতিরিক্ত সিদ্ধ হয়ে গলে যায় বা চিটচিটে হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেন ভাত আর খাওয়ার উপযোগী নেই। কিন্তু কিছু সহজ ঘরোয়া কৌশল জানলে অতিরিক্ত সিদ্ধ ভাতও আবার অনেকটাই ঝরঝরে করা সম্ভব।
শুধু বেশি সময় চুলায় রাখলেই ভাত গলে যায়-এমনটা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার মূল কারণ হয় পানির পরিমাণ। চালের ধরন অনুযায়ী সঠিক পরিমাণ পানি ব্যবহার না করলে ভাত অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। আবার রান্নার সময় বারবার ঢাকনা খুলে দেখলে ভেতরের বাষ্প বেরিয়ে যায়, ফলে রান্নার ভারসাম্যও নষ্ট হয়। এছাড়া অতিরিক্ত আঁচেও অনেক সময় ভাতের দানা ভেঙে যায় এবং চিটচিটে হয়ে পড়ে।
ভাত যদি খুব নরম হয়ে যায়, তাহলে প্রথমেই অতিরিক্ত পানি বা ফ্যান ঝরিয়ে ফেলুন। এরপর পাতিলটি খুব কম আঁচে চুলায় বসিয়ে ভাতের ওপরে একটি বা দুটি পাউরুটির স্লাইস রেখে ঢাকনা দিয়ে ২ থেকে ৪ মিনিট রাখুন। তারপর চুলা বন্ধ করে আরও ৫ মিনিট অপেক্ষা করুন। পাউরুটি ভাতের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়, ফলে ভাত অনেকটাই ঝরঝরে হয়ে আসে।
পাউরুটি অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে
ভাত বেশি সিদ্ধ হয়ে গেলে দেরি না করে সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করুন। এরপর একটি বড় ট্রে বা থালায় ভাত ছড়িয়ে দিন। এতে ভেতরে জমে থাকা গরম বাষ্প দ্রুত বেরিয়ে যাবে। চাইলে পাখার নিচে কয়েক মিনিট রেখে দিতে পারেন। এতে দানাগুলো আলাদা হতে শুরু করবে এবং ভাত আরও নরম হওয়ার সুযোগ পাবে না।
যাদের বাড়িতে মাইক্রোওভেন রয়েছে, তারা এটি ব্যবহার করেও সমস্যার সমাধান করতে পারেন। প্রথমে ওভেন ৩০০ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিট করুন। এরপর একটি বেকিং ট্রেতে ভাত পাতলা করে ছড়িয়ে ৫ থেকে ১০ মিনিট গরম করুন। তবে প্রতি দুই মিনিট পরপর দেখে নিন, যাতে ভাত অতিরিক্ত শুকিয়ে না যায়। এই পদ্ধতিতে অতিরিক্ত আর্দ্রতা দূর হয়ে ভাতের টেক্সচার অনেকটাই ঠিক হয়ে যায়।
শুনতে অবাক লাগলেও ফ্রিজও নরম ভাত ঝরঝরে করতে সাহায্য করতে পারে। অতিরিক্ত সিদ্ধ ভাত একটি বড় পাত্রে ছড়িয়ে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হওয়ার পর মাঝারি আঁচে হালকা গরম করে নিলে ভাতের দানাগুলো আগের তুলনায় অনেকটাই আলাদা হয়ে যায়।
ভাত ঝরঝরে রাখতে হলে প্রথমেই চালের ধরন অনুযায়ী সঠিক পরিমাণ পানি ব্যবহার করতে হবে। রান্নার সময় অযথা বারবার ঢাকনা খুলবেন না। পানি শুকিয়ে এলে কম আঁচে কয়েক মিনিট দমে রাখলে ভাতের দানা সুন্দরভাবে সিদ্ধ হয়। আর রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাত কিছুটা আলগা করে দিলে অতিরিক্ত বাষ্প বেরিয়ে যায় এবং চিটচিটে হওয়ার সম্ভাবনাও কমে।
অতিরিক্ত সিদ্ধ ভাত মানেই তা ফেলে দিতে হবে-এমন ধারণা ঠিক নয়। সঠিক সময়ে কয়েকটি সহজ কৌশল ব্যবহার করলে নরম বা গলে যাওয়া ভাতও আবার অনেকটাই ঝরঝরে করে পরিবেশন করা সম্ভব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া





মন্তব্য
(০)