এল নিনোজনিত খরায় গোখাদ্য ও ঘাসের জোগান কমে পশুর উৎপাদনশীলতা কমতে পারে, তাই ২০২৭ সালে ভারতের দুধ উৎপাদন বাড়বে মাত্র ২ শতাংশ, যেখানে ২০২৬ সালে প্রবৃদ্ধি আনুমানিক ২.৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি সেবার (এফএএস) এক প্রতিবেদনের বরাতে এ খবর দিয়েছে রুরাল ভয়েস।
এফএএসের নয়াদিল্লি দপ্তরের ‘ডেইরি অ্যান্ড প্রোডাক্টস অ্যানুয়াল, ইন্ডিয়া’ প্রতিবেদনে ২০২৭ সালের জানুয়ারি-ডিসেম্বরে উৎপাদন ধরা হয়েছে ২২৬.৫ মিলিয়ন টন, ২০২৬ সালের সংশোধিত হিসাব ২২২ মিলিয়ন টন। ভারত বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদক ও ভোক্তা। বেশি দুধ দেওয়া সংকর গাভীর সংখ্যা বাড়া এবং সরকারের জাত উন্নয়ন, রোগ নিয়ন্ত্রণ ও খামার ব্যবস্থাপনা কর্মসূচি খরার ধাক্কা কিছুটা সামলাবে; দুধেল গাভীর সংখ্যা ১.৩ শতাংশ বেড়ে ৬ কোটি ৩৩ লাখ হবে বলে ধারণা।
খাতটি এখনো ছোট খামারনির্ভর। প্রায় ৯৫ শতাংশ উৎপাদকের এক থেকে পাঁচটি গবাদিপশু, সাধারণ একজন ছোট খামারির দুধেল পশু দুই-তিনটি, আর প্রায় ৮ কোটি গ্রামীণ পরিবারের প্রধান আয় দুগ্ধ খামার। উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও পাঞ্জাব মিলে দেশের ৬০ শতাংশের বেশি দুধ উৎপাদন করে। বড় বাধা খাদ্য: আইসিএআর-ভারতীয় তৃণভূমি ও গোখাদ্য গবেষণা ইনস্টিটিউটের হিসাবে কাঁচা ঘাসে ১১-৩২ শতাংশ, শুকনা খড়ে ২৩ শতাংশ আর দানাদার খাদ্যে ২৮-৪০ শতাংশ ঘাটতি রয়েছে।
চাহিদা অবশ্য শক্তই থাকবে। ২০২৭ সালে তরল দুধের ভোগ ৯৫ মিলিয়ন টন ও কারখানায় দুধের ব্যবহার প্রায় ১৩১.৫ মিলিয়ন টন হবে, দুটিই প্রায় ২ শতাংশ বেশি। মাখন উৎপাদন ধরা হয়েছে ৭.৬ মিলিয়ন টন, আর স্কিমড মিল্ক পাউডার (এসএমপি) ৭ লাখ ৯০ হাজার টন থেকে বেড়ে ৮ লাখ ১০ হাজার টন।
দামেও চাপ দেখা যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি-আগস্টে খামারির কাছ থেকে দুধ কেনার গড় দাম ২০২৫ সালের গড়ের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি ছিল; এসএমপির দাম প্রায় ৮ শতাংশ আর মাখনের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। প্রতিবেদন বলছে, খরা আর কম জোগানে দুগ্ধপণ্যের দাম আরও বাড়তে পারে।
এর প্রভাব পড়বে রপ্তানিতে। এফএএসের পূর্বাভাসে তরল দুধ রপ্তানি ২০২৬ সালের ৩০ হাজার টন থেকে নেমে ২৫ হাজার টন, মাখন ৪৫ হাজার থেকে ৪০ হাজার টন, আর এসএমপি ১৫ হাজার টন থেকে অর্ধেকেরও কম, মাত্র ৭ হাজার টনে নামবে। বেশির ভাগ দুগ্ধপণ্যে ২০ থেকে ৬০ শতাংশ শুল্ক থাকায় আমদানি নগণ্যই থাকবে; গুঁড়া দুধ ও মাখনের শুল্ক-কোটা মূলত এনডিডিবি, এনসিডিএফ ও নাফেডের মতো সরকারি সংশ্লিষ্ট সংস্থার হাতে।
ছবি: শিবম নোভা (Shivam nova) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: Rural Voice (প্রতিবেদক অজিত সিং)





মন্তব্য
(০)