অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু (এইচপিএআই) আর অ্যাভিয়ান মেটানিউমোভাইরাসের (এএমপিভি) কারণে দুই বছর জোগান কমার পর আবার ঘুরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের টার্কি শিল্প। আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের (এএফবিএফ) বিশ্লেষণের বরাতে খবরটি দিয়েছে ফার্মস ডটকম; তবে সংস্থাটি সতর্ক করেছে, বিপদ এখনো কাটেনি।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) হিসাবে ২০২৬ সালে দেশটির খামারিরা প্রায় ১৯ কোটি ৮৫ লাখ টার্কি পালন করেছেন, ২০২৫ সালের চেয়ে প্রায় ৫০ লাখ বা ৩ শতাংশ বেশি; ২০২৩ সালের পর এই প্রথম বছরওয়ারি বৃদ্ধি। উৎপাদন কয়েকটি রাজ্যে কেন্দ্রীভূত: মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা, আরকানসাস, ইন্ডিয়ানা ও মিজৌরিতেই প্রায় ৬৮ শতাংশ।
ইউএসডিএর অক্টোবরের বিশ্ব কৃষি চাহিদা-জোগান প্রাক্কলন (ওয়াসডি) অনুযায়ী ২০২৬ সালে সরকারি পরিদর্শনে টার্কির মাংস উৎপাদন প্রায় ৫১৩ কোটি পাউন্ড, প্রায় ২৯ কোটি পাউন্ড বা ৬ শতাংশ বেশি; ২০২৭ সালে তা বেড়ে প্রায় ৫১৮ কোটি পাউন্ড হবে। তবু রোগের আগের ২০২৩ সালের প্রায় ৫৪৬ কোটি পাউন্ডের চেয়ে এটি কম।
চাহিদাও বেড়েছে। ২০২৬ সালে দেশে টার্কির ব্যবহার প্রায় ৪৭০ কোটি পাউন্ড, প্রায় ৪ শতাংশ বেশি; রপ্তানি প্রায় ৪৬ কোটি ১০ লাখ পাউন্ড, প্রায় ১০ শতাংশ বেশি। সবচেয়ে বড় ক্রেতা মেক্সিকো, আগস্ট পর্যন্ত সেখানে রপ্তানি ৬.৪ শতাংশ বেড়েছে। মজুত কমেছে: ৩০ সেপ্টেম্বর হিমাগারে ছিল প্রায় ৩৬ কোটি পাউন্ড টার্কি, এক বছর আগের চেয়ে ৪.৫ শতাংশ আর ২০২৪ সালের চেয়ে প্রায় ১৬ শতাংশ কম।
জোগান টানটান থাকায় দাম বেড়েছে। ইউএসডিএর অর্থনৈতিক গবেষণা সেবার হিসাবে ২০২৬ সালে হিমায়িত আস্ত মাদি টার্কির গড় পাইকারি দাম পাউন্ডপ্রতি প্রায় ১.৭৬ ডলার, ২০২৫ সালের চেয়ে প্রায় ৩০ শতাংশ এবং ২০২৪ সালের ৯৪ সেন্টের চেয়ে প্রায় ৮৮ শতাংশ বেশি। শিল্পটি অত্যন্ত সমন্বিত বলে খামার পর্যায়ের দামের তথ্য খুব কমই প্রকাশ্যে আসে।
ঝুঁকি রয়ে গেছে। এএফবিএফ বলছে, রোগ এখনো উৎপাদনের বড় হুমকি, আর পশুখাদ্যের প্রধান উপকরণ ভুট্টা ও সয়াবিন মিলের দাম বাড়লে ২০২৭ সালে খামারিদের মুনাফা চাপে পড়তে পারে।
ছবি: ইউএসডিএ / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)