যুক্তরাজ্যের কৃষি ও উদ্যান উন্নয়ন বোর্ড (এএইচডিবি) ২০২৬/২৭ মৌসুমের জন্য গম ও যবের প্রথম শস্য-হিসাব (ব্যালান্স শিট) প্রকাশ করেছে। দুটির জোগানই টানটান।
গমের মোট জোগান ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টন, আগের বছরের চেয়ে ২ লাখ ১৫ হাজার টন কম। কারণ খুব কম প্রারম্ভিক মজুত, ১৫ লাখ ১৪ হাজার টন, যা ৪ লাখ ৬৬ হাজার টন কম; সামান্য বেশি উৎপাদন ও আমদানি এর পুরোটা পোষাতে পারেনি।
২০২৬ সালে গম উৎপাদন ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার টন ধরা হয়েছে, ১ লাখ ১৬ হাজার টন বেশি; জমি সামান্য কমলেও গড় ফলন কিছুটা বেড়েছে। তবে ইংল্যান্ডের দক্ষিণাংশে বৃষ্টির অভাবে অঞ্চলভেদে ফলন অনেক আলাদা, আর উৎপাদন এখনো পাঁচ বছরের গড়ের নিচে। আমদানি ধরা হয়েছে ২৭ লাখ ৫০ হাজার টন; তবে দেশি গমের বড় অংশ প্রোটিনের মান ছাড়িয়ে যাওয়ায় উচ্চমানের আটার গম আমদানি হবে সামান্যই।
দেশে গমের ব্যবহার ১ লাখ ২৪ হাজার টন কমে ১ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টন হবে, মূলত মানুষের খাদ্য ও শিল্পে ব্যবহার কমায়। পশুখাদ্যে ব্যবহার প্রায় আগের মতো, ৭২ লাখ ৪৯ হাজার টন। পশুখাদ্যের মিশ্রণ নির্ভর করবে যব ও ওটের কম জোগান, দেশি গমের বেশি প্রোটিনের সুবিধা আর আমদানি করা ভুট্টার দামের ওপর।
বড় খবর যবে। মোট জোগান ৭২ লাখ ১ হাজার টন, ৬ লাখ ৫৮ হাজার টন বা ৮ শতাংশ কম, কারণ ফলন ২০১২/১৩ সালের পর সবচেয়ে ছোট। কম জমি আর খুব মিশ্র ফলনে উৎপাদন ৫৬ লাখ ১৪ হাজার টন, ৭ লাখ ৫৩ হাজার টন কম। প্রারম্ভিক মজুত ১৩ লাখ ৩৭ হাজার টন, সামান্য বেশি এবং পাঁচ বছরের গড়ের ওপরে।
যবের ব্যবহার ধরা হয়েছে ৬০ লাখ ১ হাজার টন; পশুখাদ্যে ব্যবহার আগের মতো ৪৩ লাখ ৯৩ হাজার টন। শীতে ঘাসের ঘাটতি পূরণে খামারে খাওয়ানোর পরিমাণও একই থাকবে বলে ধারণা। পশুখাদ্যের যব এখন অন্য দানার তুলনায় দামে প্রতিযোগিতামূলক, তবে জোগান টানটান হওয়ায় মৌসুমের মধ্যে তা বদলাতে পারে।
প্রতিবেদন: রিচার্ড হ্যালেরন (Richard Halleron), অ্যাগ্রিল্যান্ড।
ছবি: Richard Humphrey / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: Agriland





মন্তব্য
(০)