সাতক্ষীরার তালা উপজেলার মাঠে মাঠে এবার আমনের ভালো ফলন দেখা যাচ্ছিল। কিন্তু ইঁদুরের দল ধানগাছের শীষ কেটে নষ্ট করছে। নানা চেষ্টা করেও ইঁদুর ঠেকাতে না পেরে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা।
পাটকেলঘাটা, মাগুরা, খলিলনগর, তেঁতুলিয়া, নগরঘাটা ও হরিণখোলা এলাকার আমন ক্ষেতে উপদ্রব সবচেয়ে বেশি। উপজেলা কৃষি কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, এরই মধ্যে প্রায় পাঁচ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকে বাড়তি খরচ করার পর এই ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি কার্যালয়ে যোগাযোগ করেও মাঠে কর্মকর্তাদের পর্যাপ্ত উপস্থিতি ও কার্যকর পরামর্শ মিলছে না, তাই নিজেদের উদ্যোগেই ইঁদুর মারার চেষ্টা করছেন তাঁরা। সরুলিয়া ইউনিয়নের রাজবংশীপাড়ার কৃষক রাজকুমার সরকার বলেন, ইঁদুরে ব্যাপক ক্ষতি হচ্ছে, কৃষি বিভাগের সহায়তা চেয়েও পাওয়া যাচ্ছে না।
খলিশখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের শাহিনুর রহমান মোড়ল ও বাগমারা গ্রামের গাজী আবদুল সাত্তার জানান, নানা পদ্ধতিতে চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, জমির পর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁর পরামর্শ, বিচ্ছিন্নভাবে নয়, একই এলাকার কৃষকেরা মিলে এলাকাভিত্তিক সমন্বিতভাবে ইঁদুর দমন করলে কাজ বেশি হবে। ক্ষেত ও আশপাশ পরিষ্কার রাখা, গর্ত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, নিয়মিত মাঠ পর্যবেক্ষণ এবং ফাঁদ ব্যবহার করতে হবে।
বিষটোপের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, কৃষি বিভাগের পরামর্শমতো অনুমোদিত ইঁদুরনাশকই সঠিক নিয়মে দিতে হবে, নির্ধারিত মাত্রা ও নিরাপত্তাবিধি মানতে হবে, যাতে মানুষ, গবাদিপশু ও অন্য উপকারী প্রাণীর ক্ষতি না হয়।
প্রতিবেদনটি কৃষি সময়ের সাতক্ষীরা সংবাদদাতার।
ছবি: Parvezahmed / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)