সেচের বিকল্প ব্যবস্থা না থাকা আর অসময়ে পানি শুকিয়ে যাওয়ায় সুনামগঞ্জের হাওরগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। বোরো মৌসুমের শুরুতেই বীজতলা তৈরির কাজ ব্যাহত হচ্ছে। চাষিদের আশঙ্কা, জেলার প্রায় সব উপজেলার উঁচু এলাকার কয়েক শ হেক্টর জমি অনাবাদি থেকে যেতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টরে বোরো আবাদ এবং ১০ হাজার ৪৬৮ হেক্টরে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিকল্প সেচের ব্যবস্থা না হলে এ লক্ষ্য পূরণ হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সদর উপজেলার ডাউকা, দামরাই, দেখার হাওর, কাংলার হাওর এবং তাহিরপুরের শনি, মাটিয়ান, মহালিয়া, গুরমার হাওরসহ অধিকাংশ হাওরের বীজতলা এখন খাঁ খাঁ করছে। যেখানে এ সময় চারা গজানোর কথা, সেখানে গবাদিপশু চরছে, উঁচু এলাকার জমি ফেটে চৌচির।
কৃষকেরা জানান, প্রতিবছর কার্তিকের শেষ পর্যন্ত হাওরে পানি থাকে, প্রস্তুতি শুরু হয় নভেম্বরের শেষে। এবার অক্টোবরের শেষেই পানি নেমে গেছে, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাটি দ্রুত শক্ত হয়েছে। মেশিনে সেচ দিতে প্রতি কেয়ারে ৩ থেকে ৫ হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে, আর হাওরে পর্যাপ্ত খাল, ডোবা বা নদী না থাকায় বিকল্পও নেই।
কাঠইর ইউনিয়নের দামরাই হাওরের কৃষক রফিক মিয়া বলেন, পানি ধরে রাখার কোনো ব্যবস্থা নেই, হাওরের সব জমি শুকিয়ে ফেটে যাচ্ছে, নদী থেকে পানি আনতে অনেক খরচ। মফিজুল নামের আরেক কৃষক জানান, তাঁর ২৯ কেয়ার জমির ২২ কেয়ারই শুকিয়ে গেছে, পানি না পেলে চাষ করতে পারবেন না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, বীজতলায় ঠিকমতো পানি না পেলে উৎপাদন ব্যাহত হবে। কৃষকেরা গভীর নলকূপের দাবি জানালেও হুট করে তা বসানো সম্ভব নয়; মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।
প্রতিবেদনটি কৃষি সময়ের সুনামগঞ্জ সংবাদদাতার।
ছবি: Shahnoor Habib Munmun / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.5)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)