সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় দ্রুত বাড়ছে সুপারির আবাদ। বাড়ির আঙিনা থেকে মাছের ঘেরের পাড়, জমির আইল পর্যন্ত এখন সারি সারি সুপারি গাছ। কম খরচে ভালো আয় হওয়ায় চাষিরা বাণিজ্যিকভাবে এ চাষে ঝুঁকছেন।
জানা যায়, ২০২০-২১ অর্থবছরে জেলায় ১ হাজার ১৫০ বিঘায় সুপারির আবাদ হতো, চলতি মৌসুমে তা ১ হাজার ৪০০ বিঘায় দাঁড়িয়েছে। এ বছর ৪৫০ থেকে ৫০০ টন সুপারি উৎপাদনের আশা করা হচ্ছে। শুকনা সুপারি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হওয়ায় মোট বাজারমূল্য দাঁড়াচ্ছে প্রায় ২২ কোটি ২৫ লাখ টাকা।
গাছগুলো জমি ও পুকুরের বেড়ার কাজও করে, আবার তেমন খরচ ছাড়াই বছরে ফলন দেয়। স্থানীয় চাহিদা মিটিয়ে সাতক্ষীরার সুপারি যাচ্ছে সারা দেশে, আর চাষ ও ব্যবসা ঘিরে অনেকের কর্মসংস্থান হয়েছে।
জেলার সবচেয়ে বড় সুপারির মোকাম তালা উপজেলার পাটকেলঘাটা বাজার, যেখানে সপ্তাহে দুদিন, মঙ্গল ও শুক্রবার হাট বসে। আড়তদার হযরত আলী জানান, প্রতি হাটে তাঁর আড়তেই ২০ থেকে ২৫ লাখ টাকার সুপারি কেনাবেচা হয়। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও খুলনা ও যশোরের পাইকাররা এখান থেকে পান ও সুপারি কেনেন।
তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক অরবিন্দু কুমার তিন বিঘা জমিতে অন্য ফলের গাছের সঙ্গে সাথী ফসল হিসেবে সুপারি চাষ করে বছরে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করছেন। পাইকাররা সরাসরি বাগান থেকেই সুপারি কিনে নেন।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, উপকূলের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া কাজে লাগিয়ে কৃষকেরা সুপারি চাষে এগিয়ে আসছেন। বসতভিটা ও সাথী ফসল হিসেবে আবাদ বাড়ায় গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রতিবেদনটি কৃষি সময়ের সাতক্ষীরা সংবাদদাতার।
ছবি: Afifa Afrin / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)