নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম ঠেকাতে গত বছর মেক্সিকো থেকে আমদানি বন্ধের পর নিউ মেক্সিকোর সান্তা তেরেসায় মেক্সিকো সীমান্তের সবচেয়ে বড় পশু পরিদর্শন বন্দর আবার খুলছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের বরাতে এ খবর দিয়েছে দ্য ক্যাটল সাইট।
চিকিৎসা না করলে গবাদিপশুর জন্য ভয়াবহ এই পরজীবী জুনে টেক্সাসে একটি বাছুরে পাওয়া যায়, তবে সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রিত; ইউএসডিএ বলছে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য নিরাপদে বাড়ানো যায়, যদিও মেক্সিকোতে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রে সক্রিয় দুটি সংক্রমণের একটি সান্তা তেরেসা থেকে প্রায় ১৬০ মাইল দূরের একটি ঘোড়ায়।
গত পাঁচ বছরে গরু আমদানির প্রায় ৪৩ শতাংশ পরিদর্শন হয়েছে সান্তা তেরেসায়। নিউ মেক্সিকোর কৃষিসচিব জেফ উইট জানান, শোধন নিয়ম মেনে দিনে ৭৫০ থেকে ১,৬০০ গরু আসবে, যেখানে সর্বোচ্চ ছিল প্রায় ৩,০০০। এক মাস আগে অ্যারিজোনার ডগলাসে ছোট একটি বন্দর খোলার পর সেখানে প্রায় ৬,৫০০ গরু এসেছে।
আমদানি নিষেধাজ্ঞা গত মাসে কিমা মাংসের দাম পাউন্ডপ্রতি প্রায় ৭ ডলারের রেকর্ডে তুলতে ভূমিকা রাখে। তবে আমদানি করা বাছুর জবাইয়ের উপযোগী হতে পাঁচ থেকে আট মাস লাগে, আর বছরের পর বছর খরায় জানুয়ারিতে দেশটিতে গরু ছিল ৮ কোটি ৬২ লাখ, ৭৫ বছরে সর্বনিম্ন। নেব্রাস্কা ক্যাটলমেনের জেফ স্টোলে বলেন, "সীমান্ত পেরিয়ে আসা এসব গরুতে শিগগির মাংসের সরবরাহ বদলাবে না।"
বন্দরের প্রটোকল, দেশে সংক্রমণ কম থাকা এবং বন্য স্ক্রুওয়ার্ম দমনে ইউএসডিএ-র বন্ধ্যা মাছি ছাড়ার কথা উল্লেখ করেছেন কর্মকর্তারা। বন্যপ্রাণীতে সংক্রমণ বা ফাঁদে বন্য মাছি ধরা পড়েনি, যাকে ভালো লক্ষণ বলছেন টেক্সাসের এক পশুচিকিৎসক। এরপর নিউ মেক্সিকোর কলম্বাস বন্দর খোলার কথা ভাবছে ইউএসডিএ। প্রতিবেদনটি লিখেছেন মেলানি এপ।
ছবি: Billy Hathorn / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: The Cattle Site




মন্তব্য
(০)