ধানচাষের মিথেন নিঃসরণ মাপা ও কমানোর কাজ করা প্যারিসের প্রতিষ্ঠান কার্বনফার্ম (CarbonFarm) নতুন তহবিলে ৭০ লাখ ইউরো পেয়েছে। স্যাটেলাইট পর্যবেক্ষণ আরও দেশে ছড়াতে এই অর্থ ব্যবহার হবে। বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে কোলাম ইমপ্যাক্ট (Colam Impact); চাহিদা ছিল লক্ষ্যের চেয়েও বেশি।
পানিতে ডুবে থাকা ধানখেতের মাটিতে অক্সিজেন কম থাকে, সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে। প্রতিষ্ঠানটির হিসাবে, মানুষের কারণে তৈরি মিথেনের প্রায় ১২ শতাংশ আসে ধান থেকে, আর ফসলে দেওয়া মিঠাপানির ২৮ শতাংশ পর্যন্ত যায় ধানে।
কার্বনফার্মের প্ল্যাটফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবি, মাঠের তথ্য ও গ্রিনহাউস গ্যাসের মডেল মিলিয়ে আঞ্চলিক গড় নয়, প্রতিটি খামার ধরে নিঃসরণের হিসাব করে। উদ্দেশ্য, কোনো খামার সত্যিই পানি ব্যবস্থাপনা বদলেছে কি না তা নিশ্চিত হওয়া।
এই প্রমাণই কার্বন ক্রেডিটের ভিত্তি। খামার পর্যায়ের শক্ত প্রমাণ ছাড়া নিঃসরণ কমানোর দাবি করা ক্রেডিট নিয়ে সমালোচনা বেড়েছে, আর বড় খাদ্য প্রতিষ্ঠানগুলো ভালো পরিমাপ চাইছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, খেত কম সময় ডুবিয়ে রাখলে ফলন না কমিয়েই মিথেন ৫০ শতাংশ পর্যন্ত এবং পানির ব্যবহার ৩০ শতাংশ কমানো যায়।
কার্বনফার্ম এখন ১৯ দেশে কাজ করছে। প্রকল্প সাজানো, অর্থের ব্যবস্থা, সনদ ও ক্রেতা খোঁজা পর্যন্ত সমবায়, কৃষিব্যবসা ও স্থানীয় সংগঠনের সঙ্গে তারা কাজ করে। সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ভাসিলি কারান্তিনো (Vassily Carantino) বলেন, স্থানীয়দের সরিয়ে নয়, তাদের সক্ষম করেই বড় হওয়া যাবে।
ছবি: Basile Morin / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: Global Agriculture



মন্তব্য
(০)